জাতীয় পর্বের উদ্বোধন আজ

নতুন কুঁড়ি স্পোর্টস

জাতীয় পর্বের উদ্বোধন আজ

ফন্ট সাইজ:

দেশব্যাপী প্রতিভা অন্বেষণ কর্মসূচি ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর জাতীয় পর্যায়ের চূড়ান্ত পর্বের আনুষ্ঠানিক উদ্বোধন হচ্ছে আজ। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক মিরপুর সুইমিংপুল কমপ্লেক্সে উপস্থিত থেকে অনুষ্ঠান উদ্বোধন করবেন। গতকাল ক্রিকেট ইভেন্ট দিয়ে মাঠের লড়াই শুরু হয়।

১০ থেকে ১৪ বছর বয়সি কিশোর-কিশোরীদের লক্ষ্য করে সাজানো এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছে দেশের আটটি খেলার সম্ভাবনাময় খুদে খেলোয়াড়েরা। ক্রিকেট, ফুটবল, কাবাডি, অ্যাথলেটিক্স, দাবা, ব্যাডমিন্টন, সাঁতার এবং মার্শাল আর্টস ইভেন্ট থাকছে এ প্রতিভা অন্বেষণ কার্যক্রমে। মিরপুর ইনডোর স্টেডিয়াম, মিরপুর সুইমিং পুল, শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম এবং আর্মি স্টেডিয়ামে হবে জাতীয় পর্যায়ের লড়াই। তৃণমূল পর্যায় থেকে দেশের ক্রীড়া প্রতিভা খুঁজে বের করার প্রয়াসে এ উদ্যোগ নিয়েছে সরকার। আগামী ২৭শে জুলাই আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এই আসরের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। প্রধান অতিথি হিসেবে সেই অনুষ্ঠানে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিষয়টি নিশ্চিত করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। ক্রীড়া প্রতিমন্ত্রী জানান, নতুন কুঁড়ি স্পোর্টস থেকে উঠে আসা প্রতিভাবান খেলোয়াড়দের ক্যারিয়ার গঠনে দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়েছে সরকার। প্রধানমন্ত্রী নিজেই এই তরুণ অ্যাথলেটদের জন্য উন্নত প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দিয়েছেন। এর অংশ হিসেবে বাছাই করা বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠানসহ (বিকেএসপি) দেশের বিভিন্ন স্বনামধন্য ক্রীড়া প্রতিষ্ঠানে আধুনিক ট্রেইনিংয়ের সুযোগ করে দেয়া হবে। প্রতিমন্ত্রী বলেছেন, জাতীয় পর্যায়ে নির্বাচিত সেরা খেলোয়াড়দের জন্য দীর্ঘমেয়াদি প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করা হবে, যা তাদের পেশাদার অ্যাথলেট হিসেবে গড়ে তুলতে সাহায্য করবে।

এ ছাড়া এই কর্মসূচির মাধ্যমে প্রতিভাবানদের বিকেএসপিতে সরাসরি ভর্তির সুযোগও তৈরি করে দেয়া হবে।
আনুষ্ঠানিক উদ্বোধনের আগেই মিরপুরে ক্রিকেট ইভেন্টে বালক বিভাগে কোয়ার্টার ফাইনালে উঠে রংপুর ও ঢাকা অঞ্চল। বৃষ্টির কারণে খেলা মাঠে গড়ায়নি। ফলাফল নির্ধারিত হয় টসের মাধ্যমে। সেখানে চট্টগ্রাম অঞ্চলকে হারায় রংপুর, অপর ম্যাচে খুলনাকে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে ঢাকা অঞ্চল। বালিকাদের বিভাগে টসের ভাগ্যে রংপুরকে হারিয়ে শেষ ষোলোয় জায়গা কওে নেয় চট্টগ্রাম অঞ্চল। আগামী ২২শে জুলাই কোয়ার্টার ফাইনালে তাদের প্রতিপক্ষ সিলেট অঞ্চল।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন