শুনানিতে জবাব দিয়েছেন লিটন, সিদ্ধান্তের অপেক্ষা

শুনানিতে জবাব দিয়েছেন লিটন, সিদ্ধান্তের অপেক্ষা

ফন্ট সাইজ:

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ডিসিপ্লিনারি কমিটির ডাকে সাড়া দিয়ে শুনানিতে হাজির হয়েছিলেন টি-টোয়েন্টি অধিনায়ক লিটন দাস। চুক্তিবদ্ধ ক্রিকেটার হওয়া সত্ত্বেও বোর্ডের অনুমতি ছাড়া বিদেশ ভ্রমণের গুরুতর শৃঙ্খলাভঙ্গের অভিযোগে তাকে তলব করা হয়। এ বিষয়ে বিসিবির পরিচালক ও ডিসিপ্লিনারি কমিটির প্রধান কাইয়ুম চৌধুরী দৈনিক মানবজমিনকে বলেন, ‘লিটন দাস জাতীয় দলের অধিনায়ক। তাঁর বিপক্ষে একটি অভিযোগ এসেছিল। আমরা তাঁর শুনানি করেছি। তিনি সেখানে তাঁর অভিযোগের বিপক্ষে আত্মপক্ষ সমর্থন করে বক্তব্য দিয়েছেন। আমরা সেটি যাচাই-বাছাই করে সিদ্ধান্ত গ্রহণ করব। আমরা দ্রুতই এ নিয়ে সিদ্ধান্ত জানাব তাকে। একজন অধিনায়ককে নিয়ে এর চেয়ে বেশি কিছু বলতে পারব না। অবশ্যই তাঁর সম্মানের কথা আমাদের ভাবতেই হবে।’

মূলত বিসিবিকে না জানিয়ে লিটনের চীন ভ্রমণ দেশের ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থাকে ক্ষুব্ধ করেছে। কুঁচকির গুরুতর চোটের পুনর্বাসনের জন্য ২০ জুলাই সিঙ্গাপুরে যাওয়ার কথা রয়েছে এই টপ-অর্ডার ব্যাটারের। ইনজুরির কারণে তিনি জিম্বাবুয়ে সফর থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন। একই চোটের দরুন লঙ্কা প্রিমিয়ার লীগেও অংশগ্রহণ করতে পারছেন না তিনি। বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে থাকা ক্রিকেটার হয়েও বোর্ডের অনুমতি ছাড়া বিদেশ সফর করার বিষয়টি মোটেও হালকাভাবে দেখছে না ডিসিপ্লিনারি কমিটি। এখন লিটনের ভাগ্যে শেষ পর্যন্ত কী কঠিন সিদ্ধান্ত অপেক্ষা করছে তা জানাবে বিসিবি।


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন