দীর্ঘ ২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে দ্বিপক্ষীয় টেস্ট খেলতে যাবে বাংলাদেশ। তবে তার আগে টাইগার শিবিরে হানা দিয়েছে অনাকাক্সিক্ষত ইনজুরি। ১লা আগস্ট অস্ট্রেলিয়া সফরের উদ্দেশ্যে রওনা দেবে বাংলাদেশ দল। এই সফরের দল ঘোষণা নিয়ে কিছুটা ধীরনীতি অবলম্বন করছে ক্রিকেট বোর্ড। দলের বর্তমান অবস্থা ও স্কোয়াড ঘোষণার বিষয়ে গতকাল জাতীয় দলের প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমন বলেন, ‘দল আগস্টের ১ তারিখেই যাচ্ছে। দল ঘোষণা হবে ওরা আগে জিম্বাবুয়ে থেকে ফিরুক, প্র্যাকটিস শুরু হোক। আসলে দলে কয়েকজন খেলোয়াড়ের ইনজুরিজনিত কিছু সমস্যা আছে। সে কারণেই দল দিতে কিছুটা সময় নেয়া হচ্ছে। আশা করছি ফিজিও আসার পর উনার কাছ থেকে রিপোর্ট এবং ইনজুরি ক্লিয়ারেন্স পাওয়ার পর আমরা দল ঘোষণা করবো।’ এই সপ্তাহের মধ্যেই দল দেয়ার চেষ্টা থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন সুমন। মূলত দলের ৩ তারকা ক্রিকেটারকে ঘিরেই প্রধান নির্বাচকের সব চিন্তা ও পরিকল্পনা আবর্তিত হচ্ছে যা সফরের আগে টিম ম্যানেজমেন্টকে বেশ বড় এক পরীক্ষার মুখে ফেলে দিয়েছে সন্দেহ ছাড়া।
তারা হলেনÑ পেসার নাহিদ রানা, শরিফুল ইসলাম ও উইকেটরক্ষক ব্যাটার লিটন দাস। জিম্বাবুয়ে সফরের সময় সাইড স্ট্রেইন চোটে পড়ায় তরুণ গতি তারকা নাহিদ রানা এবং পাঁজরের চোটের কারণে লিটনের এই সিরিজের শুরুর দিকে খেলা নিয়ে চরম শঙ্কা তৈরি হয়েছে। শরিফুলের সমস্যাও বেশ ভোগাচ্ছে টিম ম্যানেজমেন্টকে। ফিজিওর সবুজ সংকেত না পাওয়া পর্যন্ত দল ঘোষণা করা সম্ভব হচ্ছে না। তবে কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে আগেভাগেই অস্ট্রেলিয়া রওনা দেবে স্কোয়াডের বাকি সদস্যরা। মূল সিরিজ শুরুর আগে আগামী ৬ই আগস্ট থেকে বাংলাদেশ ক্রিকেট দল ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের বিরুদ্ধে একটি ৩ দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে। এই ম্যাচের মাধ্যমে মূলত সফরকারী দলের কন্ডিশন ও ইনজুরির সার্বিক অবস্থা বোঝা যাবে।
দীর্ঘ ২৩ বছরের প্রতীক্ষার অবসান ঘটিয়ে অস্ট্রেলিয়ার মাটিতে দ্বিপক্ষীয় টেস্ট সিরিজ খেলতে নামছে বাংলাদেশ। ক্রিকেট অস্ট্রেলিয়ার নির্ধারিত সূচি অনুযায়ী আগামী ১৩ই আগস্ট থেকে ১৭ই আগস্ট ডারউইনের মারারা ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত হবে সিরিজের প্রথম টেস্ট। এই ম্যাচের মাধ্যমে দীর্ঘ ২২ বছর পর ডারউইনে টেস্ট ক্রিকেট ফিরছে। এরপর ২২শে আগস্ট থেকে ২৬শে আগস্ট কুইন্সল্যান্ডের ম্যাকাইয়ে অবস্থিত গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনায় গড়াবে দ্বিতীয় ও শেষ টেস্ট ম্যাচটি। চলতি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে বর্তমানে বেশ সুবিধাজনক অবস্থানে রয়েছে বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক ২-০ ব্যবধানে সিরিজ জয়ের পর বর্তমানে টেবিলের ৪ নম্বর স্থানে অবস্থান করছে টাইগাররা। অপরদিকে টেস্ট চ্যাম্পিয়নশিপের শীর্ষস্থান ধরে রেখে প্রথম অবস্থানে রয়েছে অস্ট্রেলিয়া।
