বিশ্বকাপের মঞ্চে ট্রাম্পকে এড়িয়ে গেলেন রোমেরো?

বিশ্বকাপের মঞ্চে ট্রাম্পকে এড়িয়ে গেলেন রোমেরো?

ফন্ট সাইজ:

ফিফা বিশ্বকাপের ফাইনাল শেষে পদক বিতরণ অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সঙ্গে আর্জেন্টিনার ডিফেন্ডার ক্রিস্টিয়ান রোমেরোর করমর্দন না করার ঘটনা নিয়ে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোচনা চলছে। খবর দ্য সানের।

এবারের ফাইনালে অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের একমাত্র গোলে স্পেনের কাছে ১-০ ব্যবধানে হেরে শিরোপা হাতছাড়া করে আর্জেন্টিনা। ম্যাচ শেষে রানার্সআপ দলের খেলোয়াড়েরা মঞ্চে উঠে রৌপ্যপদক গ্রহণ করেন।
পদক বিতরণ করেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো এবং যৌথ আয়োজক তিন দেশের নেতা- যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প, মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউদিয়া শেইনবাউম এবং কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি।

এদিন রোমেরো প্রথমে ইনফান্তিনোর কাছ থেকে পদক গ্রহণ করেন। এরপর তিনি সারিতে দাঁড়ানো নেতাদের দিকে এগিয়ে যান। কার্নির সঙ্গে করমর্দন করলেও ট্রাম্পের দিকে না তাকিয়েই সামনে এগিয়ে যান। এতে অনেকের কাছে মনে হয়েছে, তিনি ইচ্ছাকৃতভাবেই ট্রাম্পের সঙ্গে করমর্দন এড়িয়ে গেছেন।

এক পর্যায়ে মনে হচ্ছিল, ক্লাউদিয়া শেইনবাউমের সঙ্গেও তিনি করমর্দন করবেন না। তবে কয়েক কদম এগিয়ে যাওয়ার পর তিনি ফিরে এসে শেইনবাউমের সঙ্গে করমর্দন করেন। অন্যদিকে ট্রাম্প বিষয়টি লক্ষ্য করেছেন বলে মনে হয়নি। সে সময় তিনি রোমেরোর সতীর্থ আরেক খেলোয়াড়কে দেয়ার জন্য পরবর্তী পদক হাতে নিচ্ছিলেন।

ওই ঘটনার ভিডিও ছড়িয়ে পড়ার পর সোশ্যাল মিডিয়ায় নানা প্রতিক্রিয়া দেখা গেছে। একজন লিখেছেন, রোমেরো মানেই বিশৃঙ্খলা। আরেকজনের মন্তব্য, একটু দাঁড়ান, তিনি তো আগের ব্যক্তির কাছ থেকে পদক নিয়ে তার সঙ্গে করমর্দন করেছেন। আমার মনে হয় না, তিনি ইচ্ছাকৃতভাবে ট্রাম্পকে অসম্মান করেছেন।

আরেক ব্যবহারকারী লেখেন, আমার মনে হয়, ট্রাম্প বিষয়টিই খেয়াল করেননি। অন্য একজনের ভাষ্য, রোমেরো ট্রাম্পকে একেবারেই উপেক্ষা করেছেন। সানের প্রতিবেদনে বলা হয়েছে, এদিন স্পেনের খেলোয়াড়দের স্বর্ণপদক প্রদান করার পাশাপাশি বিশ্বকাপ ট্রফিও ট্রাম্পের মাধ্যমেই তুলে দেয়া হয়। ট্রফি গ্রহণের সময়ও কিছুটা অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হয়।

স্পেনের খেলোয়াড়েরা ট্রফি উঁচিয়ে ধরার প্রস্তুতি নিলে ট্রাম্প তাদের পাশেই দাঁড়িয়ে ছিলেন। পরে ফিফা সভাপতি ইনফান্তিনো দ্রুত এগিয়ে এসে তাকে সেখান থেকে সরে যেতে ইঙ্গিত দেন। অন্যদিকে আর্জেন্টিনার খেলোয়াড়েরা মাঠ ছেড়ে ড্রেসিংরুমে ফিরে যান এবং স্পেনের ট্রফি উদ্‌?যাপনের মুহূর্তে উপস্থিত থাকেননি।

ম্যাচে আর্জেন্টিনা পুরো ৯০ মিনিটে স্পেনের গোলমুখে একটি শটও নিতে পারেনি। এ ছাড়া মাঝমাঠের খেলোয়াড় এনজো ফার্নান্দেজ অতিরিক্ত রুক্ষ ট্যাকলের কারণে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। নির্ধারিত সময় পর্যন্ত আর্জেন্টিনা রক্ষণ সামলালেও অতিরিক্ত সময়ের দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে নামা ফেরান তোরেস গোল করে স্পেনকে ১-০ ব্যবধানে জয় এনে দেন।

এই জয়ে স্পেন তাদের দ্বিতীয় বিশ্বকাপ শিরোপা জিতে নেয়। এর ফলে ২০৩০ সালের বিশ্বকাপে- যার আয়োজক হবে স্পেন, পর্তুগাল ও মরক্কো (এ ছাড়া দক্ষিণ আমেরিকায়ও কয়েকটি ম্যাচ অনুষ্ঠিত হবে) বর্তমান চ্যাম্পিয়ন হিসেবেই মাঠে নামবে স্পেন।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন