সোমবার দিবাগত রাত ১টা। আর্জেন্টিনার সামনে ছিল ইতিহাস রচনার সুযোগ। পর পর দুইবার ফাইনাল জিতে বিশ্বকাপ নিজেদের ঝুলিতে নেয়ার চ্যালেঞ্জ। বাংলাদেশসহ সারা বিশ্বের সমর্থকদের চোখ ছিল সেদিকে। অনেক আশা নিয়ে স্ক্রিনের সামনে বসেছিলেন আর্জেন্টিনা সমর্থকরা। দেশের অনেক তারকাই জয়ের আশায় অপেক্ষা করছিলেন। যেখানে লিওনেল মেসি করে দেখাবে ম্যাজিকেল কিছু। কিন্তু না। পুরোই উল্টো চিত্র।
বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনা স্পেনের সঙ্গে হেরে যায় ১-০ গোলে। বিশ্ব চ্যাম্পিয়ন হয় স্পেন। স্বপ্ন ভাঙে আর্জেন্টিনার। মন ভাঙে সাধারণ সমর্থকসহ তারকাদেরও। সেই রাতের খেলা শেষের এক ভিডিওতে দেখা যায় সংগীতশিল্পী দিলশাদ নাহার কনা বড় স্ক্রিনে সবার সঙ্গে খেলা দেখতে এসেছেন। খেলার পর রীতিমতো তার চোখে জল। আরেক পাশে উপস্থাপিকা শান্তা জাহান আর নিজেকে ধরে রাখতে পারেননি। অঝোরে কেঁদে ফেলেন। অপরদিকে, ব্রাজিল সমর্থক কিছু শিল্পীকে অবশ্য স্পেনের জয়ে উল্লাস করতে দেখা গেছে। এদিকে, শোবিজ তারকাদের এই মন ভাঙার রাতে কণ্ঠশিল্পী মনির খান এক পোস্টে লেখেন, ২০২২ বিশ্বকাপের থেকেও ২০২৬ বিশ্বকাপের মেসি বেশি ভয়ঙ্কর ছিল। ব্যক্তিগত পারফরম্যান্স হিসাব করলে কোনো রকম সন্দেহ ছাড়া এটা মেসির বেস্ট বিশ্বকাপ। ৮ গোলের পাশাপাশি ৪টা অ্যাসিস্ট করেছে। শুধু গোল কিংবা অ্যাসিস্ট দিয়ে নয়, চান্স ক্রিয়েট থেকে শুরু করে অন্যদিক দিয়েও মেসির ইমপ্যাক্ট অনেক বেশি ছিল।
এক ফেসবুক পোস্টে সংগীতশিল্পী বালাম লিখেছেন, ফলাফল যাই হোক। আর্জেন্টিনার পক্ষে ছিলাম ও থাকবো। কণ্ঠশিল্পী সাজিয়া সুলতানা পুতুল একটি দীর্ঘ পোস্টের শেষের দিকে বলেন, মেসির চোখ থেকে ঝরতে থাকা অশ্রু বহুদিন স্মৃতিতে ফিরে ফিরে আসবে। একজন মহানায়কের গৌরব আর কীর্তিগাথা একটা পরাজয়ে মøান হয় না। বিশ্ব ফুটবলের তথা আধুনিক ফুটবলের সবচেয়ে সুন্দরতম অধ্যায় ছিলেন লিওনেল মেসি। সেই অধ্যায় কোনো পরাজয়ের পরিসংখ্যানে মুছে ফেলা সম্ভব নয়। প্রতিবার আর্জেন্টিনার খেলা শেষে দল কিংবা মেসিকে নিয়ে পোস্ট দিতে দেখা যায় চিত্রনায়িকা পূর্ণিমাকে। কিন্তু এই রাতে তিনিও থাকলেন নীরব। খেলা শুরুর আগে আর্জেন্টিনার জন্য ফেসবুক পোস্টে শুভকামনা জানিয়েছিলেন গুণী অভিনেতা চঞ্চল চৌধুরী। তারও আগে এক পোস্টে তিনি লিখেন, ফোর স্টার, লোডিং। খেলার পর অবশ্য পূর্ণিমার মতোই নীরব থাকেন তিনিও। কণ্ঠশিল্পী ঝিলিক এক পোস্টে লেখেন, শ্রদ্ধা এমিলিয়ানো মার্টিনেজের প্রতি। আর্জেন্টিনা আজ খেলাটা খেলতেই পারেনি।
কণ্ঠশিল্পী ইমরান পোস্টে লিখেছেন, বিদায় আর্জেন্টিনা, বিদায় মেসি। অভিনন্দন স্পেনকে। চিত্রনায়িকা তানহা তাসনিয়া লিখেছেন, হারলেও আর্জেন্টিনা, জিতলেও আর্জেন্টিনা। আমরা পদে পদে দল চেঞ্জ করি না। জাস্ট মেসির কান্নাটা নিতে পারছি না। পরাজয় নিয়ে ভিডিও বার্তায় কণ্ঠশিল্পী রাজীব লিখেছেন, আজকে আমার দলকে খুঁজে পাইনি। ব্রাজিল সমর্থক অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি পোস্টে লিখেছেন, মেসি, হয়তো আজ দিনটা তোমার ছিল না। কিন্তু ফুটবল ইতিহাসে তোমার নাম লেখা থাকবে স্বর্ণাক্ষরে। অভিনেতা খায়রুল বাসার লিখেছেন, আরে ব্যাপার না! সাবাশ আর্জেন্টিনা। লাভ ইউ মেসি। অভিনেতা ইরফান সাজ্জাদ লিখেছেন, অসুবিধা নাই জিতলে আর্জেন্টিনা, না জিতলে বার্সেলোনা!
