মুন্সীগঞ্জ সদর উপজেলায় ককটেল বিস্ফোরণে মো. মোস্তাকিম (৮) নামে এক শিশুর ডান হাত ছিন্নভিন্ন হয়ে গেছে। এ ঘটনায় ক্ষতবিক্ষত হয়েছে শিশুটির একটি পা। বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নের মুন্সীকান্দি এলাকায় আলু জমি থেকে কুড়িয়ে পাওয়া ককটেল বিস্ফোরণে এ ঘটনা ঘটে। আহত মোস্তাকিম মুন্সীকান্দি এলাকার মো. আল আমিনের ছেলে। তাকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক এসএম ফেরদৌস হাসান জানান, বিস্ফোরণে ওই শিশুর ডান হাতের সবক’টি আঙ্গুুল প্রায় ছিন্ন-ভিন্ন হয়ে গেছে। ডান পায়েও আঘাত রয়েছে। বিকাল ৪টার দিকে শিশুটিকে হাসপাতালে আনা হয়। প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। জানা যায়, দুপুরে মুন্সীকান্দির দক্ষিণ বেহেরকান্দি মসজিদ থেকে কোরআন শরীফ পড়ে আলুর জমির উপর দিয়ে বাড়ি ফিরছিলো মুস্তাকিম। সে সময় জমিতে লাল স্কচটেপে প্যাঁচানো অবস্থায় পড়েছিল ককটেলটি। মুস্তাকিম খেলনা ভেবে ককটেলটি কুড়িয়ে বাড়িতে নিয়ে যায়। ককটেলটি পরিবারের লোকজনের অজান্তে মুস্তাকিম বাড়ির লাকড়ির ঘরের চালের উপর লুকিয়ে রাখতে যায়। সে সময় টিনের চালের সঙ্গে লেগে বিকট শব্দে বিস্ফোরণ হয়। পরে পরিবার ও স্থানীয় লোকজন মুস্তাকিমের ডান হাতেন কব্জি পর্যন্ত ছিন্নভিন্ন ও শরীরের বিভিন্ন অংশ এবং পায়ে রক্ত ঝড়া অবস্থায় উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যায়। মুস্তাকিমের বাবা আল আমিন জানান, প্রতিদিনের মতোই খেলাধুলা করছিল মুস্তাকিম। বাড়ির সবাই যে যার কাজে ব্যস্ত ছিল। দুপুরে হঠাৎ বিস্ফোরণের শব্দ পেয়ে আমরা ছুটে গিয়ে দেখি মুস্তাকিম মাটিতে পড়ে আছে। চারদিকে ছোপ ছোপ রক্ত পড়ে আছে। ডানহাতের কবজি পর্যন্ত ছিন্ন-ভিন্ন ছিল। মুস্তাকিমের অবস্থা ভালো না। মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মমিনুল ইসলাম বলেন, বিস্ফোরণের খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে যাই। বিস্ফোরিত ওই ককটেলটি পরিত্যক্ত অবস্থায় আলুর জমিতে পড়ে ছিল। গত সংসদ নির্বাচনের কয়েকদিন আগে মোল্লাকান্দি ইউনিয়নের বিবদমান দু’টি পক্ষের মধ্যে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছিল। সে সময় কিছু ককটেল বিস্ফোরণ হয়েছিলো। ধারণা করা হচ্ছে, শিশুর কুড়িয়ে পাওয়া ককটেলটি সেদিনের।
মুন্সীগঞ্জে ককটেল বিস্ফোরণে ছিন্নভিন্ন শিশুর হাত
মুন্সীগঞ্জ প্রতিনিধি
২৭ ফেব্রুয়ারি (শুক্রবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
