টেন্ডার জমা দিতে বাধা, বিএনপি’র হাতে লাঞ্ছিত জামায়াত নেতা

ফন্ট সাইজ:

পাবনা চাটমোহরে সরকারি হাটের দরপত্র দাখিলকে কেন্দ্র করে প্রকাশ্য সহিংসতার ঘটনা ঘটেছে। এ ঘটনায় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের হাতে লাঞ্ছিত হয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চাটমোহর উপজেলা শাখার সেক্রেটারি মাওলানা মো. হাবিবুর রহমান। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে ঘটে এই ঘটনা। দরপত্র দাখিল ঠেকাতে সকাল থেকেই বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ইউএনও ও সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের সামনে অবস্থান নেয় বলে অভিযোগ উঠেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার ছিল চাটমোহর উপজেলার বিভিন্ন হাটের দরপত্র দাখিলের শেষ দিন। কয়েকটি হাটের দর আগেই সমঝোতার মাধ্যমে নির্ধারণ করা হয়। সেই দরপত্রে যাতে অন্য কেউ অংশ নিতে না পারে, সে উদ্দেশ্যেই সকাল থেকে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেয়া হয়। দুপুর সাড়ে ১২টার দিকে ছাইকোলা হাটের দরপত্র দাখিল করতে আসেন ছাইকোলা ইউনিয়ন জামায়াতের আমীর মো. আশরাফুল ইসলাম। তার সঙ্গে ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা হাবিবুর রহমান। দরপত্র নির্ধারিত বাক্সে পড়ার সঙ্গে সঙ্গেই ক্ষুব্ধ হয়ে ওঠে বিএনপি কর্মীরা। একপর্যায়ে ইউএনও কার্যালয়ের দোতলা থেকে জামায়াতের সেক্রেটারিকে টেনে-হেঁচড়ে নিচে নামানো হয় এবং শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়। ঘটনার সময় দায়িত্বে থাকা চাটমোহর থানার এসআই কামরুজ্জামান তাকে রক্ষার চেষ্টা করেন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ ও আনসার সদস্য মোতায়েন করা হয়। লাঞ্ছিত জামায়াত নেতা বলেন, ঘটনাটি এমপি মহোদয়কে জানানো হয়েছে। দলের সিদ্ধান্ত অনুযায়ী থানায় অভিযোগ দেয়া হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মুসা নাসের চৌধুরী বলেন, বিষয়টি শুনেছি। ঘটনাটি বাইরে হয়েছে। কী ঘটেছে, তা নিশ্চিত করে বলতে পারছি না। চাটমোহর থানার ওসি গোলাম সরোয়ার হোসেন জানান, আমি বর্তমানে পাবনায় আছি। শুনেছি দু’পক্ষের মধ্যে হাতাহাতি হয়েছে। এখনো কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন