বকেয়া নাইট বিল ও বাৎসরিক ছুটির টাকার দাবিতে দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি শুরু করেছে গাজীপুরের একটি পোশাক কারখানার শ্রমিকরা। পরিস্থিতির সামাল দিতে কারখানা গেটে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে গাজীপুরের কোনাবাড়ী জরুন এলাকায় অবস্থিত রিপন নীট ওয়্যার লিমিটেড কারখানার পোশাক শ্রমিকরা এ কর্মবিরতি শুরু করেন। পরে কারখানা গেটে জড়ো হয়ে বিক্ষোভ মিছিল করে। গত তিন মাসের বকেয়া নাইট বিল ও বাৎসরিক ছুটির টাকার দাবিতে শ্রমিকরা বুধবার দুপুর কর্মবিরতি পালন করে। পরে তারা বিকেল ৫টার সময় বাসায় চলে যায়। বৃহস্পতিবার সকালে শ্রমিকরা কারখানায় প্রবেশ করলেও কাজে যোগ না দিয়ে কর্মবিরতি শুরু করেন।
এসময় কারখানার স্টাফদের সঙ্গে শ্রমিকদের বাকবিতণ্ডা হয়। পরে শ্রমিকরা বিক্ষোভ করতে থাকে। শ্রমিকদের অভিযোগ, প্রতিদিন রাত ১১/১২টা পর্যন্ত ডিউটি করে অথচ ঠিকমতো নাইট বিল পরিশোধ করা হয় না। রোজার মাসেও রাত ১১টা পর্যন্ত ডিউটি করতে হয়। এ বিষয়ে রিপন নিটওয়্যার লিমিটেডের প্রশাসনিক কর্মকর্তা সাদ্দাম হোসেন গণমাধ্যমকে জানান, তিন মাসের নাইট বিল পাবে, এক মাসের আজকে দেয়ার কথা বলা হয়েছে। কিন্তু শ্রমিকরা তা মানছে না। শ্রমিকরা বিক্ষুব্ধ হয়ে স্টাফদের ওপর চড়াও হলে আমরা কোনোমতে জীবন নিয়ে বের হয়ে এসেছি। গাজীপুর শিল্প পুলিশ-২ কোনাবাড়ী জোনের পরিদর্শক মো. মোর্শেদ জামান দুপুরে জানান, শ্রমিকরা ভেতরে অবস্থান করছে। মালিকপক্ষ আসছে। তাদের সঙ্গে কথা বলে সমাধানের চেষ্টা চলছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে শিল্প পুলিশের পাশাপাশি মেট্রোপলিটন পুলিশও মোতায়েন করা হয়েছে।
গাজীপুরে শ্রমিক বিক্ষোভ, কর্মবিরতি
স্টাফ রিপোর্টার, গাজীপুর থেকে
২৭ ফেব্রুয়ারি (শুক্রবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
