জাহাঙ্গীর হত্যা মামলা

ভাড়াটে খুনিসহ পাঁচ আসামি ৫ দিনের রিমান্ডে

ফন্ট সাইজ:

কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপি সভাপতি জাহিদুল আলম জাহাঙ্গীর হত্যা মামলায় গ্রেপ্তার তিন ভাড়াটে খুনিসহ পাঁচ আসামির পাঁচদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল দুপুরে কিশোরগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত নং-৪ এর বিচারক সংগীতা ভট্টাচার্যের আদালতে আসামিদের হাজির করে সাতদিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে বিচারক প্রত্যেক আসামির পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড মঞ্জুর হওয়া পাঁচ আসামি হচ্ছে, বরগুনার বামনা উপজেলার চাকাতাসুনিয়া গ্রামের মৃত সুলতান মীরনের ছেলে মো. হেলাল (২৪), লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার সুধামপুর গ্রামের নূর হোসেনের ছেলে মহিন উদ্দিন (৩২), একই উপজেলার মধ্যপাড়া গ্রামের রহমত উল্লাহ খোকনের ছেলে মো. শাহিন আলম ওরফে শাকিল (২৭), কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার ঘাগড়া শেখেরহাটি গ্রামের ইমাম হোসেনের ছেলে জাকির হোসেন (৪০) ও একই উপজেলার কাজীপাড়া গ্রামের মৃত চান্দা আলীর ছেলে আব্দুর রউফ (৬৭)।

তাদের মধ্যে মো. হেলাল, মহিন উদ্দিন ও মো. শাহিন আলম ওরফে শাকিল এই তিন ভাড়াটে খুনি বলে জানিয়েছে পুলিশ। তাদের ঘটনার পরপরই পুলিশ অভিযান চালিয়ে গ্রেপ্তার করে। এ ছাড়া মহিন উদ্দিন ও মো. শাহিন আলম ওরফে শাকিলকে স্পিডবোটে করে পালিয়ে যাওয়ার চেষ্টায় সহায়তা করায় স্পিডবোট চালক আব্দুর রউফ এবং স্পিডবোট ভাড়া করা জাকির হোসেনকে গ্রেপ্তার করা হয়। আদালতের সরকারি নিবন্ধন কর্মকর্তা এএসআই সায়রা আক্তার রিমান্ডের বিষয়টি নিশ্চিত করে জানান, রিমান্ড শুনানির সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। আসামিপক্ষে কোনো আইনজীবী নিয়োগ করা হয়নি।

এর আগে শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে নিহত জাহিদুল আলম জাহাঙ্গীরের স্ত্রী তাসলিমা আক্তার চৌধুরী বাদী হয়ে মিঠামইন থানায় হত্যা মামলা করেন। মামলায় তিনজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ১০ থেকে ১২ জনকে আসামি করা হয়।

মিঠামইন থানার ওসি ও মামলার তদন্তকারী কর্মকর্তা মো. মনোয়ার হোসেন বলেন, রিমান্ডে আসামিদের জিজ্ঞাসাবাদের মাধ্যমে হত্যাকাণ্ডের মূল কারণ, পরিকল্পনাকারী এবং এর নেপথ্যে কারা জড়িত ছিল, সে বিষয়ে তথ্য উদ্ঘাটনের চেষ্টা করা হবে। তিনি জানান, মামলাটি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করছে পুলিশ।

এদিকে শুক্রবার দুপুরে জুমার নামাজের পর স্থানীয় হেলিপ্যাড মাঠে অনুষ্ঠিত জাহিদুল আলম জাহাঙ্গীরের জানাজার নামাজে অংশ নেন, বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী জেলা বিএনপি সভাপতি মো. শরীফুল আলম এমপি, কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান এবং কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম এমপিসহ বিপুলসংখ্যক দলীয় নেতাকর্মী ও স্থানীয় লোকজন। জানাজা শেষে কাঠ বাজার সংলগ্ন পারিবারিক গোরস্তানে জাহিদুল আলম জাহাঙ্গীরের দাফন সম্পন্ন হয়।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন