২৩ বছরের সফল পথচলা শেষে ২৪ বছরে পদার্পণ করেছে দেশের অন্যতম জনপ্রিয় টকশো ‘তৃতীয় মাত্রা’। ২০০৩ সালের ১৭ই জুলাই যাত্রা শুরু করা চ্যানেল আইয়ের এই অনুষ্ঠানটি দুই দশকেরও বেশি সময় ধরে দেশের রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক ও সমসাময়িক নানা গুরুত্বপূর্ণ ইস্যুতে আলোচনা ও মতবিনিময়ের অন্যতম নির্ভরযোগ্য প্ল্যাটফরম হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করেছে। ২৪ বছরে পদার্পণ উপলক্ষে অনুষ্ঠানের পরিচালক ও সঞ্চালক জিল্লুর রহমান সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে দর্শক, অতিথি, সহকর্মী এবং শুভানুধ্যায়ীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি বলেন, আজ ‘তৃতীয় মাত্রা’ ২৪ বছরে পদার্পণ করলো।
সংলাপ, বিতর্ক ও গণতান্ত্রিক আলোচনার এক অসাধারণ যাত্রা। দুই দশকেরও বেশি সময় ধরে আমরা নানা মত ও দৃষ্টিভঙ্গিকে একত্র করেছি, প্রশ্ন করেছি এবং অর্থবহ আলোচনার জন্য একটি পরিসর তৈরি করার চেষ্টা করেছি। জিল্লুর রহমান আরও বলেন, এই অর্জন আমাদের দর্শক, অতিথি, সহকর্মী এবং শুভানুধ্যায়ীদের। যারা শুরু থেকেই আমাদের পাশে ছিলেন। ‘তৃতীয় মাত্রা’র সঙ্গে থাকার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ।
সংলাপ চলবে। শুরু থেকেই রাজনীতিভিত্তিক আলোচনাকে কেন্দ্র করে নির্মিত হলেও ‘তৃতীয় মাত্রা’ কেবল রাজনৈতিক পরিসরেই সীমাবদ্ধ থাকেনি। সমাজ, অর্থনীতি, বিজ্ঞান, সাহিত্য, সংস্কৃতি, শিক্ষা এবং মানববিদ্যার নানা গুরুত্বপূর্ণ বিষয়ও নিয়মিত উঠে এসেছে এই অনুষ্ঠানে। রাষ্ট্রনায়ক, রাজনীতিবিদ, সংসদ সদস্য, নীতিনির্ধারক, আইনজ্ঞ, অর্থনীতিবিদ, বুদ্ধিজীবী, সাংবাদিক, উদ্যোক্তা, শিক্ষক, সংস্কৃতিকর্মী, তরুণ প্রতিনিধি এবং বিভিন্ন ক্ষেত্রের কৃতী ব্যক্তিদের অংশগ্রহণে বছরের পর বছর ধরে প্রাণবন্ত হয়ে উঠেছে তৃতীয় মাত্রা’র প্রতিটি পর্ব। অনুষ্ঠানটি প্রতিদিন রাত ১টায় এবং সকাল ৯টা ৪৫ মিনিটে চ্যানেল আইয়ে প্রচারিত হয়।
