বলিউড তারকা মালাইকা অরোরার ব্যক্তিগত জীবন নিয়ে নতুন করে শুরু হয়েছে আলোচনা। আরবাজ খানের সঙ্গে বিচ্ছেদ এবং বয়সে ছোট অর্জুন কাপুরের সঙ্গে ছয় বছরের সম্পর্কের ইতি টানার পর ফের প্রেমে মজেছেন তিনি। তা নিয়েই সরগরম নেটদুনিয়া। সম্প্রতি গ্রিসে গ্রীষ্মকালীন ছুটি কাটাতে গিয়ে সামাজিক মাধ্যমে একাধিক ছবি প্রকাশ করেছেন মালাইকা।
সেখানে সমুদ্রসৈকতে অবকাশযাপনের নানা মুহূর্তের পাশাপাশি একটি ছবিতে তার সঙ্গে ঘনিষ্ঠ মুহূর্তে দেখা যায় এক রহস্যময় পুরুষকে। এরপর থেকেই সামাজিক মাধ্যমে শুরু হয় জল্পনা। নেটিজেনদের একাংশের দাবি, তিনি হীরা ব্যবসায়ী হর্ষ মেহতা। গত দেড় বছর ধরে মালাইকার সঙ্গে তার বন্ধুত্বের গুঞ্জন শোনা যাচ্ছে। এর আগে স্পেন সফর এবং এনরিক ইগলেসিয়াসের কনসার্টেও দু’জনকে একসঙ্গে দেখা গিয়েছিল।
গ্রিসে একটি বিলাসবহুল অবকাশকেন্দ্রে অবস্থান করছেন মালাইকা। সেখান থেকে গোলাপি মনোকিনি, বিকিনি ও বিভিন্ন পোশাকে তোলা ছবি ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন তিনি। তবে ছবির চেয়ে রহস্যময় সঙ্গীকেই ঘিরে বেশি আলোচনা হচ্ছে। যদিও সম্পর্কের বিষয়ে এখনো কোনো মন্তব্য করেননি মালাইকা কিংবা হর্ষ। তবে বলিউডে জোর গুঞ্জন, অর্জুন কাপুরের সঙ্গে দূরত্ব তৈরির পর থেকেই হর্ষের সঙ্গে মালাইকার ঘনিষ্ঠতা বেড়েছে। এখন ভক্তদের অপেক্ষা, এ সম্পর্ক নিয়ে শেষ পর্যন্ত মুখ খোলেন কিনা অভিনেত্রী।
