ফটিকছড়িতে বিদ্যুৎস্পৃষ্টে দুই কৃষকের মৃত্যু

ফন্ট সাইজ:

ফটিকছড়ি উত্তর উপজেলার পাইন্দং ইউনিয়নের যুগিনী ঘাটা এলাকায় জমিতে ধান রোপণের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই কৃষকের মৃত্যু হয়েছে। রোববার বিকাল ৪টার সময়ে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন মোহাম্মদ হাশেম (৫০), পিতা: মৃত আবুল কাশেম, কারিগর পাড়া, মীরখিল, পূর্ব ভূজপুর এবং মোহাম্মদ ইউনুস (৩৫), পিতা: মৃত মাহবুল আলম, সোনার বাপের বাড়ি, পশ্চিম পাড়া, মীরখিল, পূর্ব ভূজপুর, ফটিকছড়ি উত্তর উপজেলা।

জানা গেছে, মোহাম্মদ হাশেমের পরিবারে স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়ে রয়েছে। অপরদিকে মোহাম্মদ ইউনুসের পরিবারে স্ত্রী ও দুই মেয়ে রয়েছে। স্থানীয়দের ভাষ্যমতে,দুই কৃষক ধান রোপণের কাজ করছিলেন। এ সময় ১১ হাজার ভোল্টেজের বিদ্যুৎ লাইনের তার ছিড়ে কৃষিজমির কাদাপানিতে পড়েছিল। অজ্ঞাত অবস্থায় দুই কৃষক বিদ্যুতায়িত কাদায় নামলে এই দুর্ঘটনা ঘটে।

৪নং ভূজপুর ইউনিয়নের সদস্য শেখ মোহাম্মদ ইব্রাহিম অভিযোগ করেন, খবর পাওয়ার পর তিনি থানা পুলিশ, বিদ্যুৎ অফিস এবং ফায়ার সার্ভিসে বারবার ফোন করলেও কোন সাড়া পাওয়া যায়নি। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন না হওয়ায় স্থানীয় লোকজনও ভয়ে তাদের কাছে যেতে পারেননি।

ফলে দীর্ঘ সময় তারা বিদ্যুতায়িত অবস্থায় পড়ে ছিলেন এবং শেষ পর্যন্ত মৃত্যুবরণ করেন। এ অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট ফটিকছড়ি পল্লী বিদ্যুতের ডিজিএম সামসুদ্দিন জানান, ঘটনাস্থলে আমাদের লোকজনকে পাঠিয়েছি বিদ্যুতের ছেড়া তারে দুজন কৃষকের মৃত্যু হয়েছে। ভূজপুর থানার অফিসার ইনচার্জ বিপুল চন্দ্র দে বলেন, দুজন কৃষক বিদ্যুতায়িত হয়ে মারা গেছেন। এ বিষয়ে আমরা কাজ করছি,পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহত দুজনই দরিদ্র কৃষক এবং তাদের আকস্মিক মৃত্যুতে পরিবারগুলো চরম অনিশ্চয়তার মুখে পড়েছে। স্থানীয়রা ঘটনাটির সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য সহায়তার দাবি জানিয়েছেন।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন