মাদারীপুরে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। এই ঘটনায় অভিযুক্ত স্বামীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয়রা। গত বুধবার রাত ৩টার দিকে শহরের বিসিক শিল্পনগরী এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মিম আক্তার (২৫) কালকিনি উপজেলার আলীনগর ইউনিয়নের উত্তর কানাইপুর গ্রামের মৃত নান্নু হাওলাদারের মেয়ে। অপরদিকে অভিযুক্ত রিয়াদ খান (একেএম আব্দুল্লাহ নোমান) সদর উপজেলার ঝাউদি ইউনিয়নের কালাইমারা গ্রামের আব্দুস সাত্তার খানের ছেলে। ভুক্তভোগীর পরিবার ও স্থানীয়রা জানায়, বছরখানেক আগে রিয়াদ খানের সঙ্গে প্রেমের সম্পর্কের সূত্র ধরে বিয়ে হয় মিমের। এরপর দু’জন শহরের বিসিক শিল্পনগরী এলাকার একটি বাসা ভাড়া নিয়ে বসবাস করে আসছে। গত বুধবার রাতে হঠাৎ মিমের মৃত্যুর বিষয়টি তার পরিবারকে জানায় রিয়াদ। খবর পেয়ে পুলিশ ও পরিবারের লোকজন নিহতের লাশ উদ্ধার করে পরে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের মর্গে পাঠায়।
এসময় অভিযুক্ত স্বামীকে আটক করে পুলিশে দেন স্থানীয়রা। এই ঘটনায় তদন্তপূর্বক দোষীর বিচার দাবি করেছেন স্বজন ও এলাকাবাসী। নিহতের চাচা মো. খবির হাওলাদার বলেন, আমার ভাতিজির এমন মৃত্যু মেনে নিতে পারছি না। ওর বাবা নেই, ছোটবেলা থেকে আমি লালনপালন করে বড় করেছি। এই ঘটনার রহস্য উদ্ঘাটনের পাশাপাশি অপরাধীর বিচার চাই। মাদারীপুর সদর মডেল থানার ওসি আবুল কালাম আজাদ মুঠোফোনে জানান, গৃহবধূ মৃত্যুর ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তার স্বামীকে থানায় আনা হয়েছে। ময়নাতদন্তের পর বলা যাবে এটি হত্যা নাকি আত্মহত্যা। এছাড়া নিহতের পরিবার থেকে থানায় লিখিত অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
মাদারীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক
মাদারীপুর প্রতিনিধি
২৭ ফেব্রুয়ারি (শুক্রবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
