দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সীমান্তে চোরাচালান ও মাদকবিরোধী অভিযানে বড় সাফল্যের দাবি করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। যশোর রিজিয়নের আওতায় ২০২৫ সালে পরিচালিত বিভিন্ন অভিযানে ৩৮০ জনকে আটকসহ ৩৬৩ কোটি ৮২ লাখ ৪৩ হাজার ৪০৭ টাকার চোরাচালানী মালামাল ও মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার বিজিবি আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আশিকুর রহমান, ওএসপি, পিএসসি। বিজিবি জানায়, বিশ্বের পঞ্চম দীর্ঘতম স্থল সীমান্তের দায়িত্বে থাকা বাহিনীটি ৪ হাজার ৪২৭ কিলোমিটার সীমান্তে ২৪ ঘণ্টা দায়িত্ব পালন করছে। এর মধ্যে ভারতের সঙ্গে ৪ হাজার ১৫৬ কিলোমিটার এবং মিয়ানমারের সঙ্গে ২৭১ কিলোমিটার সীমান্ত রয়েছে। যশোর রিজিয়নের দায়িত্ব কুষ্টিয়া থেকে সাতক্ষীরার সুন্দরবন পর্যন্ত প্রায় ৬০০ কিলোমিটার এলাকা। এ অঞ্চলে কুষ্টিয়া ও খুলনা সেক্টরের অধীনে সাতটি ব্যাটালিয়ন দায়িত্ব পালন করছে। ২০২৫ সালে যশোর রিজিয়নের অভিযানে জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে ৫৮ দশমিক ৪৯ কেজি স্বর্ণ, ৫৩ দশমিক ৬২ কেজি রৌপ্য, ২৭টি অস্ত্র ও ১৫২ রাউন্ড গুলি। মাদকবিরোধী অভিযানে উদ্ধার করা হয়েছে ২৮ হাজার ৩৯৩ বোতল মদ, ৩৭ দশমিক ৫৩ কেজি হেরোইন, ২ লাখ ৬৫ হাজার ৩৭৩ পিস ইয়াবা, ৪৯ হাজার ৮৮ বোতল ফেন্সিডিল, ১ হাজার ৬৭৭ কেজি গাঁজা এবং ২ লাখ ৬৮ হাজার ৩২৬ পিস বিভিন্ন ধরনের মেডিসিন। চলতি ২০২৬ সালের শুরু থেকেই অভিযান অব্যাহত রয়েছে। এ বছর এখন পর্যন্ত ৫৪ জনকে আটকসহ ২৮ কোটি ৬৩ লাখ ৬০ হাজার ৮৮০ টাকার চোরাচালানী মালামাল জব্দ করা হয়েছে। এর মধ্যে রয়েছে ৯৪১ গ্রাম স্বর্ণ, ১৪ দশমিক ৩৩ কেজি রৌপ্য, ১৪টি অস্ত্র, ২৬ রাউন্ড গুলি, ৩২টি এয়ারগান ও ১২ হাজার ৫২৫টি এয়ারগানের গুলি। মাদকের মধ্যে উদ্ধার হয়েছে ১ কেজি ক্রিস্টাল মেথ আইস, ৫৩ হাজার ৭০২ পিস ইয়াবা, ১ দশমিক ৩২ কেজি হেরোইন ও ২৫০ গ্রাম কোকেন। এদিকে সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) ২০২৫ সালে পৃথক অভিযানে ৩৯ জনকে আটকসহ ১১০ কোটি ৪৭ লাখ ৬১ হাজার ৪১ টাকার চোরাচালান ও মাদকদ্রব্য জব্দ করেছে। উল্লেখযোগ্য জব্দসামগ্রীর মধ্যে রয়েছে ৩ দশমিক ১৭৫ কেজি স্বর্ণ, ২১ দশমিক ৯৬ কেজি রৌপ্য এবং ৩০ হাজার মার্কিন ডলার। একই বছরে মাদকবিরোধী অভিযানে ৩ হাজার ৮১০ বোতল মদ, ২ দশমিক ৮৫ কেজি হেরোইন, ৫ দশমিক ১৪ কেজি ক্রিস্টাল মেথ, ৯৩ কেজি গাঁজা, ৪৭ হাজার ৮৭৮ পিস ইয়াবা, ৩২ হাজার ৪১৭ পিস ভায়াগ্রা ও অনাগ্রা ট্যাবলেট এবং ২ হাজার ৭৯২ বোতল ফেন্সিডিল জব্দ করা হয়। ২০২৬ সালে সাতক্ষীরা ব্যাটালিয়নের অভিযানে আরও ৫ জনকে আটকসহ ২ কোটি ৩৪ লাখ ৬ হাজার ২৩০ টাকার মালামাল জব্দ হয়েছে। এর মধ্যে রয়েছে ভারতীয় চিংড়ির রেণুপোনা, ১ লাখ ২৭ হাজার ৪২০ পিস বিভিন্ন ওষুধ, ৫ কেজি বেটামেথাসন ভ্যালেরেট রাসায়নিক উপাদান, ৮৬ বোতল ভারতীয় মদ, ১৭২ বোতল ফেন্সিডিল, ১১৮ বোতল উইনকোরেক্স সিরাপ ও ২ হাজার ৪০০ পিস নেশাজাতীয় ট্যাবলেট। প্রেস ব্রিফিংয়ে আরও জানানো হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১৮ জেলায় ১০৮টি উপজেলার ৬২টি আসনে প্রায় ২০০ প্লাটুন বিজিবি মোতায়েন ছিল। সংশ্লিষ্ট সবার সহযোগিতায় অর্পিত দায়িত্ব সফলভাবে পালন করা হয়েছে বলে দাবি করা হয়। বিজিবি’র পক্ষ থেকে বলা হয়, সীমান্ত সুরক্ষা শুধু বাহিনীর একার দায়িত্ব নয়। স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, সাংবাদিক সমাজ ও সাধারণ মানুষের সহযোগিতা ছাড়া এই চ্যালেঞ্জ মোকাবিলা কঠিন।
দক্ষিণ-পশ্চিমাঞ্চল সীমান্তে গত বছর ৩৬৩ কোটি টাকার চোরাচালান জব্দ, আটক ৩৮০
সাতক্ষীরা প্রতিনিধি
২৭ ফেব্রুয়ারি (শুক্রবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
