বেরোবিতে শহীদ আবু সাঈদ হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

ফন্ট সাইজ:

জুলাই গণ-অভ্যুত্থানে প্রথম শহীদ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) শিক্ষার্থী আবু সাঈদ হত্যাকাণ্ডের বিচার কার্যক্রম এখনো শুরু না হওয়ায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন তার পরিবারের সদস্য ও সহপাঠীরা। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে আয়োজিত মানববন্ধন থেকে তারা এ ক্ষোভ প্রকাশ করেন। মানববন্ধনে আবু সাঈদের ভাই আবু হোসেন বলেন, জুলাই বিপ্লবের প্রথম শহীদ আবু সাঈদ হত্যাকাণ্ডের বিচার এখনো আলোর মুখ দেখেনি। ঘটনার সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগ থাকা সত্ত্বেও তৎকালীন থানার ওসি ইমরানকে মামলা থেকে বাদ দেয়া হয়েছে এবং চার্জশিটেও তার নাম অন্তর্ভুক্ত করা হয়নি। তাকে কী কারণে বাদ দেয়া হলো, তা নিয়ে প্রশ্ন রয়েছে। তিনি আরও বলেন, শহীদ আবু সাঈদের সহযোদ্ধারা এর আগেও ন্যায়বিচারের দাবিতে একাধিক মানববন্ধন করেছেন, কিন্তু এখনো কোনো দৃশ্যমান অগ্রগতি হয়নি। আমরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)-এর মাধ্যমে দ্রুত বিচার ও রায় কার্যকরের দাবি জানাই। বাংলা বিভাগের শিক্ষার্থী শামসুর রহমান সুমন বলেন, সহযোদ্ধা ও সহপাঠীরা দীর্ঘদিন ধরে এই বিচারের অপেক্ষায় রয়েছে। মামলার কয়েকজন পুলিশ সদস্যকে আদালত অব্যাহতি দেয়ায় শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী রহমত আলী বলেন, আবু সাঈদদের রক্তের বিনিময়ে অন্তর্বর্তী সরকার ও পরবর্তী সরকার গঠিত হলেও এখনো মূল দাবি ন্যায়বিচার বাস্তবায়িত হয়নি। দ্রুত বিচার প্রক্রিয়া সম্পন্ন করার দাবি জানান তিনি।


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন