রাশিয়ার অভ্যন্তরে ইউক্রেনের ধারাবাহিক ড্রোন হামলায় একটি গুদামের ৭ জন নৈশকালীন কর্মী নিহত এবং আরও কয়েক ডজন মানুষ আহত হয়েছেন। এছাড়া মস্কো অঞ্চলের একটি তেল ডিপোতে হামলার পর সেখানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। তাম্বোভ অঞ্চলের কোতোভস্ক শহরে রাশিয়ার বৃহত্তম অনলাইন খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান ওয়াইল্ডবেরিজের একটি গুদামে ইউক্রেনীয় ড্রোন আঘাত হানে। ওই অঞ্চলের গভর্নর এভগেনি পারভিশভ জানান, হামলায় নৈশ শিফটে কর্মরত ৭ জন কর্মী ঘটনাস্থলেই মারা যান এবং ২৫ জন আহত হন। তিনি আরও জানান, রাশিয়ার দিকে ধেয়ে আসা ২৮টি ড্রোন ভূপাতিত করা হয়েছে।
পারভিশভ টেলিগ্রামে লিখেছেন, ড্রোনগুলো যদি তাদের লক্ষ্যে সফল হতো, তবে বেসামরিক হতাহতের সংখ্যা আরও অনেক বেশি হতে পারত। এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সামাজিক মাধ্যম এক্সে লিখেছেন, ইউক্রেনীয় বাহিনী রাশিয়ার দুটি লজিস্টিক স্থাপনায় আঘাত হেনেছে, যা ড্রোন উৎপাদন ও নেভিগেশন সরঞ্জামের যন্ত্রাংশ সরবরাহের জন্য রাশিয়া ব্যবহার করত।
এর পাশাপাশি একটি তেল স্থাপনাতেও আঘাত হানা হয়েছে বলে তিনি উল্লেখ করেন। ওয়াইল্ডবেরিজের সহ-প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী তাতিয়ানা কিম এই ঘটনাকে রাশিয়া এবং তাদের কোম্পানির জন্য একটি ভয়াবহ রাত হিসেবে অভিহিত করে ভুক্তভোগী পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
মস্কোর গভর্নর ভোরোবিভ আরো জানান, নোগিনস্ক শহরে একটি ড্রোনের ধ্বংসাবশেষ আছড়ে পড়ার পর সেখানকার একটি তেল ডিপোতে আগুন ধরে যায়।
