ফেনীর সোনাগাজীতে ডেকে নিয়ে তাঁতীদলের এক নেতাকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। গত বুধবার সন্ধ্যা আনুমানিক সাড়ে ৬টার দিকে উপজেলার বগাদানা ইউনিয়নের গুনক গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে সোনাগাজী মডেল থানা পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। নিহত আইয়ুব নবী তারেক (২৬) বগাদানা ইউনিয়ন তাঁতীদলের সাংগঠনিক সম্পাদক ও গুনক গ্রামের লক্ষমালের বাড়ির কামাল উদ্দিনের ছেলে। নিহতের পিতা কামাল উদ্দিন জানান- একই বাড়ির ওহিদুর রহমানের স্ত্রী নারু (নাহার) নিহত তারেককে অভিযুক্ত নাহিদ ও তার বৌয়ের চলমান সমস্যা সমাধানের জন্য ডেকে নেয়। পরে পরিকল্পিতভাবে ওহিদুরের ছেলে নাহিদ, সাঈদ, নিলয় ও তাদের মা নারু মিলে ধারালো অস্ত্র ও লাঠি দিয়ে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করে। ছেলেকে মারার খবরে আমি ঘটনাস্থলে গিয়ে দেখি আমার ছেলে মারা যাওয়ার পরও তাকে ডাকাত বলে ওহিদুর উপর্যুপরী লাঠি দিয়ে একের পর এক আঘাত করছে। তিনি জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। স্থানীয় সূত্রে জানা যায়, নিহত তারেক ও অভিযুক্ত নাহিদের স্ত্রীর সঙ্গে পরকিয়ার সম্পর্কের অভিযোগ রয়েছে। ফলে এর জেরে এই হত্যাকাণ্ড ঘটতে পারে বলে তারা ধারণা করছেন। একই বাড়ির আবদুল গফুর নামের এক ব্যক্তি জানান- কিছুদিন পূর্বে স্থানীয় সাবেক ইউপি মেম্বার আবদুল হক চৌধুরীরর কাছে নাহিদ অভিযোগ করেছে যে, তার স্ত্রীর সঙ্গে তারেকের পরকীয়ার সম্পর্ক রয়েছে। এ বিষয়ে তারেককে জিজ্ঞাসাবাদ করার জন্য অনুরোধ করেন নাহিদ। তবে, তারেক এমন ঘটনার সঙ্গে জড়িত আছে বলে আমাদের জানা নেই। এ বিষয়ে সোনাগাজী মডেল থানার ওসি কামরুজ্জামান জানান-নিহতের সুরতহাল করে ময়নাতদন্তের জন্য প্রেরণ করা হয়েছে। আমরা ঘটনাস্থল থেকে একটি দেশীয় অস্ত্র জব্দ করেছি। ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেয়া হবে। জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে বলেও জানান তিনি।
সোনাগাজীতে তাঁতীদল নেতাকে কুপিয়ে হত্যা
সোনাগাজী (ফেনী) প্রতিনিধি
২৭ ফেব্রুয়ারি (শুক্রবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
