১১ রেকর্ডের সামনে লিওনেল মেসি

১১ রেকর্ডের সামনে লিওনেল মেসি

ফন্ট সাইজ:

টানা দ্বিতীয়বার বিশ্বকাপ জয়ের হাতছানি আর্জেন্টিনার। যেখানে তাদের বাধা স্পেন। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে আগামীকাল সেই শিরোপার লড়াই। তবে লিওনেল মেসির জন্য এই ম্যাচ শুধু শিরোপা জয়ের লড়াই নয়, ব্যক্তিগত রেকর্ড গড়ারও মঞ্চ। ফাইনালে মাঠে নামলেই আর্জেন্টাইন অধিনায়কের সামনে থাকছে অন্তত ১১টি নতুন কীর্তি গড়ার সুযোগ।

৩৯ বছর ২৫ দিন বয়সে বিশ্বকাপ ফাইনালে খেলতে নামবেন মেসি। গোলরক্ষকদের বাদ দিলে তিনিই হবেন বিশ্বকাপ ফাইনালে খেলা সবচেয়ে বেশি বয়সী ফুটবলার। সবমিলিয়ে এই রেকর্ড ইতালির গোলরক্ষক দিনো জফের দখলে থাকলেও আউটফিল্ড খেলোয়াড়দের মধ্যে মেসিই হবেন সবচেয়ে বয়স্ক। ক্যারিয়ারের তৃতীয় বিশ্বকাপ ফাইনালে খেলতে নামবেন মেসি। অধিনায়ক হিসেবে পৃথক তিনটি বিশ্বকাপের ফাইনালে খেলার নজির নেই আর কারও। মেসি ছাড়া পৃথক তিনটি ফাইনাল খেলেছেন কেবল ব্রাজিলিয়ান ডিফেন্ডার কাফু।

আর্জেন্টিনার প্রথম অধিনায়ক হিসেবে এত ফাইনালে নেতৃত্ব দেবেন তিনি। এর আগে দিয়েগো ম্যারাডোনা দুইবার বিশ্বকাপ ফাইনালে ছিলেন। স্পেনকে হারিয়ে শিরোপা জিতলে প্রথম অধিনায়ক হিসেবে দুইবার বিশ্বকাপ জয়ের রেকর্ড গড়বেন মেসি। একই সঙ্গে ব্রাজিল ও ইতালির পর তৃতীয় দেশ হিসেবে টানা দুই বিশ্বকাপ জয়ের কীর্তি গড়বে আর্জেন্টিনা। এছাড়া টানা দুইবার বিশ্বকাপজয়ী সবচেয়ে বেশি বয়সী ফুটবলারও হবেন তিনি। গোলের রেকর্ডেও হাতছানি দিচ্ছে মেসিকে। ফাইনালে একটি গোল করলেই শিরোপা নির্ধারণী ম্যাচে সবচেয়ে বেশি বয়সী গোল করা ফুটবলার হবেন তিনি। বর্তমানে এই কীর্তি সুইডেনের নিলস লিডহোমের।

একইসঙ্গে একটি গোল করলেই ১৯৩০ সালে গিয়ের্মো স্তাবিলের গড়া এক বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে সর্বোচ্চ আট গোলের রেকর্ডও ভেঙে দেবেন। দুটি গোল করতে পারলে আরও বড় কীর্তি অপেক্ষা করছে মেসির জন্য। এক বিশ্বকাপে ১০ গোলের মাইলফলক স্পর্শ করবেন তিনি। ইউরোপের বাইরের কোনো ফুটবলার হিসেবে এটিই হবে প্রথম এমন অর্জন। এর আগে এক বিশ্বকাপে ১০ বা তার বেশি গোল করেছেন শুধু জুস্ত ফঁতেন, সান্দর ককসিস ও জার্ড মুলার। ২০২২ সালের ফাইনালে ফ্রান্সের বিপক্ষে জোড়া গোল করেছিলেন মেসি। এবারো গোল পেলে ইতিহাসের ষষ্ঠ ফুটবলার হিসেবে দুটি ভিন্ন বিশ্বকাপ ফাইনালে গোল করার কীর্তি গড়বেন। দুটি গোল করলে বিশ্বকাপ ফাইনালে সর্বোচ্চ চার গোলের রেকর্ডে কিলিয়ান এমবাপ্পের পাশে বসবেন।

হ্যাটট্রিক করলে গড়বেন বিশ্বরেকর্ড। বিশ্বকাপে গ্রপ পর্বে এবং ফাইনালে হ্যাটট্রিকের নজির নেই। ফাইনালে গোল করে আর্জেন্টিনাকে বিশ্বচ্যাম্পিয়ন করতে পারলে আরও একটি রেকর্ড গড়বেন মেসি। চ্যাম্পিয়ন দলের হয়ে এক বিশ্বকাপে সর্বোচ্চ গোলের কীর্তি এখন ব্রাজিলের কিংবদন্তি রোনালদোর, যিনি ২০০২ বিশ্বকাপে করেছিলেন আট গোল। সেই রেকর্ডও ছাড়িয়ে যাওয়ার সুযোগ থাকবে আর্জেন্টাইন মহাতারকার সামনে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন