টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট পর্বে জিম্বাবুয়ের বিপক্ষে রানের উৎসব করলো ভারত। চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ২৫৬ রানের পাহাড় গড়ে সূর্যকুমার যাদবের দল। এটি চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের সর্বোচ্চ দলীয় সংগ্রহের রেকর্ড।
ইনিংসের শুরুতেই উইকেটরক্ষক ব্যাটার সঞ্জু স্যামসন ও অভিষেক শর্মা ঝোড়ো সূচনা করেন। স্যামসন ১৫ বলে ২৪ রান করে আউট হলেও অভিষেক শর্মা ছিলেন বিধ্বংসী। মাত্র ৩০ বলে ৫৫ রানের এক ইনিংস খেলেন তিনি। যেখানে ছিল ৪টি চার ও ৪টি ছক্কার মার। পাওয়ারপ্লেতেই ভারত স্কোরবোর্ডে ৮০ রান যোগ করে, যা জিম্বাবুয়ের বিপক্ষে বিশ্বকাপে ভারতের সর্বোচ্চ পাওয়ার প্লে সংগ্রহের রেকর্ড।
মিডল অর্ডারে ঈশান কিশান (৩৮) এবং অধিনায়ক সূর্যকুমার যাদব (৩৩) দ্রুত রান তুলে রানের গতি সচল রাখেন। তবে ইনিংসের আসল নাটকীয়তা শুরু হয় শেষ ৫ ওভারে। হার্দিক পান্ডিয়া ও তিলক বর্মা মিলে জিম্বাবুয়ের বোলারদের ওপর রীতিমতো স্টিমরোলার চালান। হার্দিক পান্ডিয়া মাত্র ২৩ বলে ৫০ রানের ঝোড়ো ইনিংস খেলে অপরাজিত থাকেন। শেষ বলে ছক্কা হাঁকিয়ে নিজের ফিফটি পূর্ণ করার পাশাপাশি দলের স্কোরকে ২৫৬ তে নিয়ে যান তিনি। তিলক বর্মাও কম যাননি। মাত্র ১৬ বলে ৪৪ রানের এক টর্নেডো ইনিংস খেলেন তিনি। ৩টি চার ও ৪টি বিশাল ছক্কায় সাজানো ছিল তার এই ইনিংস। শেষ ৩ ওভারে ভারত স্কোরবোর্ডে যোগ করে প্রায় ৭০ রান। জিম্বাবুয়ের রিচার্ড এনগারাভা ৪ ওভারে ৬২ রান দিয়ে এক উইকেট পান। ব্লেসিং মুজারাবানি কিছুটা নিয়ন্ত্রিত বোলিং করলেও ৪৩ রানে এক উইকেট নেন। তবে সবচেয়ে বেশি খরুচে ছিলেন টিনোটেন্ডা মাপোসা। মাত্র ২ ওভারে খরচ করেন ৪০ রান।
ভারতের জন্য এই ম্যাচটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বড় জয় পেলে নেট রানরেটে ওয়েস্ট ইন্ডিজকে টপকে যাওয়ার সুযোগ রয়েছে মেন ইন ব্লুদের সামনে। ২৫৭ রানের পাহাড় টপকাতে হলে জিম্বাবুয়েকে অলৌকিক কিছু করে দেখাতে হবে।
