‘ধাঁধার শেষ টুকরো এখনো খুঁজে পায়নি ইংল্যান্ড’

‘ধাঁধার শেষ টুকরো এখনো খুঁজে পায়নি ইংল্যান্ড’

ফন্ট সাইজ:

ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেইন বলেছেন, ২০২৬ বিশ্বকাপের সেমিফাইনালে আর্জেন্টিনার কাছে হারের পরও দলের বিশ্বাস অটুট রয়েছে। তবে তিনি স্বীকার করেছেন, বড় ট্রফি জিততে হলে এখনো তাদের ‘ধাঁধার শেষ টুকরো’ খুঁজে বের করতে হবে এবং আরও উন্নতি করতে হবে। আটলান্টায় অনুষ্ঠিত সেমিফাইনালে প্রথমে এগিয়ে গিয়েও ২-১ ব্যবধানে হেরে যায় থমাস টুখেলের দল। ম্যাচে এগিয়ে যাওয়ার পর অতিরিক্ত রক্ষণাত্মক কৌশল নেওয়ায় দল ও কোচ টুখেল দুজনই ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন। এনিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কেইন লিখেন, ‘এই মুহূর্তে পেটের ভেতরের শূন্য অনুভূতিটা দূর করার মতো কোনো শব্দ নেই। আমরা আরেকটি ফাইনালের খুব কাছাকাছি ছিলাম, কিন্তু শেষ পর্যন্ত তা যথেষ্ট হয়নি। গত সাত সপ্তাহে আমরা সবকিছু উজাড় করে দিয়েছি।

এত কাছে গিয়েও থেমে যেতে হওয়াটা মেনে নেওয়া কঠিন।’ তিনি আরও বলেন,‘আমি জানি আমাদের প্রতি প্রত্যাশা অনেক বেশি, আর সেটাই স্বাভাবিক। গত আট বছর ধরে আমরা দরজায় কড়া নাড়ছি, কিন্তু এখনও সেই শেষ ধাপটি পেরোতে পারছি না। এখন আমাদের এই হতাশা কাটিয়ে ফিরে যেতে হবে, ভুলগুলো বিশ্লেষণ করতে হবে এবং আরও ভালো হওয়ার পথ খুঁজে বের করতে হবে।’ ম্যাচের ৫৫ মিনিটে অ্যান্থনি গর্ডনের গোলে এগিয়ে যায় ইংল্যান্ড। কিন্তু এরপর দলটি অনেকটা রক্ষণে নেমে যায়। সেই সুযোগ কাজে লাগিয়ে শেষ দিকে এনজো ফার্নান্দেজ ও লাউতারো মার্টিনেজ গোল করে আর্জেন্টিনাকে ২-১ ব্যবধানে জয় এনে দেন। সাবেক ইংল্যান্ড অধিনায়ক ওয়েইন রুনি বলেন, এগিয়ে যাওয়ার পর ইংল্যান্ড ভেঙে পড়েছিল এবং অতিরিক্ত নিস্ক্রিয় হয়ে গিয়েছিল। তাঁর মতে, এই মানসিকতাই ইংল্যান্ডকে ১৯৬৬ সালের পর প্রথম বিশ্বকাপ ফাইনালে ওঠার সুযোগ থেকে বঞ্চিত করেছে।

ম্যাচে এগিয়ে যাওয়ার পর টুখেলের একাধিক রক্ষণাত্মক পরিবর্তনও সমালোচিত হয়েছে। পরিসংখ্যান বলছে, গোল করার পর থেকে ৯২ মিনিটে দ্বিতীয় গোল হজম করা পর্যন্ত সময়ে ইংল্যান্ডের বল দখলের হার ছিল মাত্র ১২ শতাংশ। বিবিসি স্পোর্টের একাধিক সূত্র জানিয়েছে, দলের কয়েকজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়ও ম্যাচের শেষ ভাগে দলের রক্ষণাত্মক কৌশল নিয়ে অসন্তুষ্ট ছিলেন।

তবে টুখেল দাবি, দলকে পেছনে নেমে যাওয়ার নির্দেশ তিনি দেননি। তাঁর ভাষায়, ‘গভীরে নেমে খেলার কোনো পরিকল্পনা ছিল না। হয়তো পুরো ম্যাচ নিয়ন্ত্রণ করে বল দখলে রাখাটা এখনও আমাদের স্বভাবের অংশ হয়ে ওঠেনি।’ ইংল্যান্ডের বড় ম্যাচে রক্ষণাত্মক হয়ে পড়ার অভিযোগ নতুন নয়। গ্যারেথ সাউথগেটের অধীনেও ইউরো ২০২১-এর ফাইনালে ইতালির বিপক্ষে এগিয়ে গিয়েও শেষ পর্যন্ত টাইব্রেকারে হেরেছিল তারা। সাউথগেটের সময়েই ২০১৮ বিশ্বকাপের সেমিফাইনালে ক্রোয়েশিয়ার কাছে এবং ইউরো ২০২৪-এর ফাইনালে স্পেনের কাছে পরাজিত হয় ইংল্যান্ড।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন