বিশ্বকাপ ফাইনালের বিজয়ী দলের জন্য এবার কেবল সোনালী ট্রফি আর সোনার মেডেলই শেষ কথা নয়। ফুটবল ইতিহাসে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন দলের জন্য রাজকীয় ‘চ্যাম্পিয়নশিপ রিং’ বা চ্যাম্পিয়ন আংটি উপহার দেয়ার ঐতিহাসিক ঘোষণা দিয়েছে ফিফা। যুক্তরাষ্ট্রের পেশাদার ক্রীড়া সংস্কৃতি দ্য ন্যাশনাল বাস্কেটবল অ্যাসোসিয়েশন (এনবিএ) এবং দ্য ন্যাশনাল ফুটবল লীগ (এনএফএল)-এর ঐতিহ্য থেকে অনুপ্রাণিত হয়ে ফিফা এই নতুন নিয়ম চালু করতে যাচ্ছে। আগামী ১৯শে জুলাই নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে স্পেন ও আর্জেন্টিনার মধ্যকার ফাইনাল ম্যাচ শেষে বিজয়ী দলের হাতে ট্রফির পাশাপাশি শোভা পাবে এই বিশেষ আংটি। ঐতিহাসিক এই আসরকে স্মরণীয় করে রাখতে ফিফা মোট ২,০২৬টি রিং তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে।
এর মধ্যে বিজয়ী দলের খেলোয়াড় ও কোচিং স্টাফদের জন্য মাত্র ৩০টি রিং বরাদ্দ থাকবে। বাকি ১,৯৯৬টি আংটি বিশ্বজুড়ে ফুটবল ভক্তদের জন্য ‘লিমিটেড এডিশন’ স্মারক হিসেবে বিক্রির জন্য উন্মুক্ত করা হবে। প্রতিটি আংটির একপাশে খোদাই করা থাকবে ফিফা বিশ্বকাপের সোনালী ট্রফির নকশা এবং অন্যপাশে থাকবে বিজয়ী দেশের নিজস্ব ঐতিহ্য ও পরিচয়।
এর আগে ২০১৮ সালে ফ্রান্সের বিশ্বজয়ের পর পল পগবা ও আতোয়ান গ্রিজম্যান ব্যক্তিগত উদ্যোগে অনানুষ্ঠানিক রিং বানান। তবে এবারই প্রথম অফিশিয়ালি এই রাজকীয় সম্মাননা যুক্ত করলো ফিফা।
যুক্তরাষ্ট্রের লীগুলোতে সাধারণত ট্রফি জয়ের কয়েক মাস পর খেলোয়াড়দের আংটি দেয়া হয়। তবে ফিফা এক্ষেত্রে কিছুটা ভিন্ন পথ বেছে নিয়েছে। ফাইনাল ম্যাচ শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই বিজয়ী দলের অধিনায়ক এবং প্রধান কোচের হাতে প্রতীকী রিং তুলে দেয়া হবে। পরবর্তীতে দলের বাকি সদস্যদের আঙুলের নিখুঁত মাপ অনুযায়ী আসল রিংগুলো বিশেষভাবে তৈরি করে এক জমকালো অনুষ্ঠানে হস্তান্তর করা হবে। ঐতিহ্যবাহী মেডেল গ্রহণ ও ট্রফি উঁচিয়ে ধরার আইকনিক মুহূর্তটিকে অক্ষুণ্ণ রেখেই এই আংটি প্রদানের নতুন নিয়মটি উদযাপনে এক ভিন্ন মাত্রা যোগ করবে।
