ঢাকায় আজ শুরু হচ্ছে দুই দিনব্যাপী ১০ম ক্যাডেট, জুনিয়র, অনূর্ধ্ব-২১ ও সিনিয়র সাউথ এশিয়ান কারাতে চ্যাম্পিয়নশিপ এবং দ্বিতীয় অনূর্ধ্ব-১৪ সাউথ এশিয়া কারাতে কাপ। মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠেয় আসরে স্বাগতিক বাংলাদেশসহ ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান ও শ্রীলঙ্কার ৫৬৫ জন কারাতেকা বিভিন্ন ক্যাটাগরিতে অংশ নেবেন। ১০ম সাউথ এশিয়ান কারাতে চ্যাম্পিয়নশিপে ৬৩টি এবং অনূর্ধ্ব-১৪ সাউথ এশিয়া কারাতে কাপে ৩০টি, মোট ৯৩টি স্বর্ণপদকের জন্য লড়বেন প্রতিযোগীরা।
সকাল ১০টায় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন করবেন। এর আগে গতকাল বেইলি রোডের পার্বত্য চট্টগ্রাম কমপ্লেক্স অডিটোরিয়ামে দিনব্যাপী সাউথ এশিয়ান কোচেস লাইসেন্সিং পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন বাংলাদেশ, ভারত, নেপাল, পাকিস্তান, শ্রীলঙ্কা, ইন্দোনেশিয়া ও সংযুক্ত আরব আমিরাতের ৪৫ জন কোচ। কোচেস ও রেফারি লাইসেন্সিং পরীক্ষার প্রধান পরীক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন এশিয়ান কারাতে ফেডারেশনের রেফারি কমিশনের সাধারণ সম্পাদক মাইকেল হান্স।
