আর্জেন্টিনার বিপক্ষে বিশ্বকাপ ফাইনালের আগে স্পেন শিবিরে কিছুটা অস্বস্তি দেখা দিয়েছে। দলের অন্যতম সেরা অস্ত্র লামিন ইয়ামাল ও ডিফেন্ডার পেদ্রো পোরো মূল দলের সঙ্গে অনুশীলন করেননি। নিউ জার্সিতে দুজন আলাদাভাবে অনুশীলন করেছেন। তবে স্প্যানিশ ফুটবল ফেডারেশন জানিয়েছে, সতর্কতার অংশ হিসেবেই ইয়ামাল ও পোরোর অনুশীলনের সূচি আলাদা রাখা হয়েছিল। ফাইনালে দুজনকেই পাওয়ার আশা করছে দলটি।
বৃহস্পতিবার নিউ জার্সিতে ফাইনালের প্রস্তুতি শুরু করে লুইস দে লা ফুয়েন্তের দল। অনুশীলনের শুরু থেকেই মূল দলের বাইরে ছিলেন ইয়ামাল ও পোরো। তাদের আলাদা অনুশীলনের খবর ছড়িয়ে পড়ার পর দুজনের ফিটনেস নিয়ে প্রশ্ন তৈরি হয়। তবে এটি খেলোয়াড়দের ওপর চাপ নিয়ন্ত্রণের পরিকল্পনার অংশ বলে রয়টার্সকে জানিয়েছে স্প্যানিশ ফুটবল ফেডারেশন। দুজনের মধ্যে পোরোর সমস্যাই তুলনামূলক বেশি। ফ্রান্সের বিপক্ষে সেমিফাইনালের পর স্পেন কোচ দে লা ফুয়েন্তে জানিয়েছিলেন, সামান্য অস্বস্তি নিয়েই খেলেছিলেন এই রাইটব্যাক। স্প্যানিশ সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী, তার হ্যামস্ট্রিংয়ে হালকা টান রয়েছে। তবে সমস্যাটি গুরুতর নয়। ফাইনালে পোরোর উপস্থিতি স্পেনের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। ফ্রান্সের বিপক্ষে ২-০ গোলের সেমিফাইনাল জয়ে দুর্দান্ত খেলেন তিনি।
কিলিয়ান এমবাপ্পে, ব্রাডলি বারকোলা ও দেজিরে দুয়েদের সামলানোর পাশাপাশি চমৎকার একটি গোলও করেন টটেনহাম ডিফেন্ডার। ম্যাচসেরার পুরস্কারও পেয়েছিলেন পোরো। এবারের বিশ্বকাপে স্পেনের প্রথম পছন্দের রাইটব্যাক হিসেবে নিজের জায়গা প্রায় নিশ্চিত করে ফেলেছেন পোরো। ইয়ামালের অবস্থা তুলনামূলক স্বস্তিদায়ক। ফ্রান্স ম্যাচের পর দে লা ফুয়েন্তে বলেছিলেন, তরুণ এই ফরোয়ার্ডের কোনো চোট নেই। তবে লুকাস দিনিয়ে ও থিও এরনান্দেজের বিপক্ষে কঠিন শারীরিক লড়াইয়ের ধকল তার শরীরে স্পষ্ট ছিল। কিছু জায়গায় ব্যথা ও আঘাতের চিহ্ন থাকায় তাকে পূর্ণাঙ্গ অনুশীলনের বাইরে রাখা হয়েছে। বিশ্বকাপে স্পেনের আক্রমণের অন্যতম প্রধান ভরসা ইয়ামাল। ডান প্রান্তে তার সঙ্গে পোরোর সমন্বয় দলটির আক্রমণে ভারসাম্য এনে দিয়েছে।
ফলে দুজনের কাউকে হারাতে হলে ফাইনালের পরিকল্পনা বদলাতে হতে পারে দে লা ফুয়েন্তেকে। ইয়ামাল ও পোরো ছাড়া স্পেনের বাকি খেলোয়াড়েরা স্বাভাবিকভাবেই অনুশীলন করেছেন। সংবাদমাধ্যমের জন্য উন্মুক্ত ১৫ মিনিটে খেলোয়াড়দের বেশ নির্ভার ও উচ্ছ্বসিত দেখা যায়। প্রায় ৩০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং আর্দ্র আবহাওয়ার মধ্যেই চলে অনুশীলন। ফাইনালের আগে নিউ জার্সির গরম ও আর্দ্র পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে তিন দিন সময় পাচ্ছে স্পেন। এবারের বিশ্বকাপে এটি হতে যাচ্ছে তাদের মাত্র দ্বিতীয় উন্মুক্ত মাঠের ম্যাচ। তাই খেলোয়াড়দের সতেজ রাখাকেই সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে স্পেনের কোচিং স্টাফ।
