আগামীকাল ফাইনালে স্পেনের মুখোমুখি ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। সেমিফাইনালের লড়াই শেষে ফাইনালের ভেন্যুতে যাওয়ার পথে বেশ বিপাকেই পড়েছিলেন লিওনেল মেসিরা। তীব্র বজ্রপাত ও প্রতিকূল আবহাওয়ায় বিলম্ব হয় আর্জেন্টিনার ফ্লাইট। আটলান্টা থেকে নিউইয়র্কের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন মেসি-আলভারেজরা। তবে আটালান্টার আবহাওয়া ছিল বেশ খারাপ। আর্জেন্টিনা দলকে বহনকারী বিমান তাই আটলান্টা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নির্ধারিত সময়ে উড়াল দিতে পারেনি। অ্যাভিয়েশন কর্তৃপক্ষের কাছ থেকে ছাড়পত্রের জন্য অপেক্ষা করছিল বিমানবন্দর কর্তৃপক্ষ।
অবশেষে কয়েক ঘণ্টা দেরির পর ছাড়ে বিমানটি। নির্ধারিত সময়ের অনেক পরে বৃহস্পতিবার গভীর রাতে নিউজার্সিতে নিজেদের বেস ক্যাম্পে পৌঁছান মেসিরা। গতকাল লিওনেল স্কালোনির শিষ্যরা ইস্ট রাদারফোর্ডের মেটলাইফ স্টেডিয়ামের কাছের একটি অনুশীলন গ্রাউন্ডে নামেন ফাইনালের প্রস্তুতি নিতে। ফাইনালে অবশ্য আবহাওয়া খেলার জন্য অনুকূল থাকবে বলেই আশা করা হচ্ছে। টুর্নামেন্টজুড়ে তীব্র গরম বেশ ভুগিয়েছে ফুটবলারদের। তবে ফাইনালে তাপমাত্রা সহনশীল থাকবে বলে পূর্বাভাস দেয়া হয়েছে। সেদিন সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ৮৫ ডিগ্রি ফারেনহাইটের বেশি হওয়ার সম্ভাবনা নেই।
