‘বিশ্বাস করি সঠিক বিচার পাবো’

‘বিশ্বাস করি সঠিক বিচার পাবো’

ফন্ট সাইজ:

সম্প্রতি একটি অনলাইন ফ্যাশন পেজের করা প্রতারণার মামলায় অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে সমন জারির আদেশ করেছেন আদালত। গত বছরের শেষের দিকে একটি অনলাইন ফ্যাশন পেজের ২৭ হাজার টাকা মূল্যের শাড়ির প্রচারণা এবং তার মূল্য পরিশোধের প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ এনে অভিনেত্রীর বিরুদ্ধে মামলাটি করেন পেজটির পক্ষে আমিনুল ইসলাম। সেই মামলায় আগামী ১৩ই আগস্ট তিশাকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।

এতদিন বিষয়টি নিয়ে নীরব থাকলেও অবশেষে মুখ খুলেছেন অভিনেত্রী। একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানের সংবাদ সম্মেলনে মামলা প্রসঙ্গে তিশা বলেন, আমি অবশ্যই আদালতে যাবো। আমারও ইচ্ছা হয়েছিল আমার সঙ্গে কী ঘটেছে, কথা বলি। কিন্তু পারিনি কারণ বিষয়টি নিয়ে মামলা চলমান। দেশের প্রচলিত আইনের প্রতি আমি শ্রদ্ধাশীল। আমি বিশ্বাস করি, সঠিক বিচার পাবো। আইনিভাবে মোকাবিলা করবো। দীর্ঘ ক্যারিয়ারের সততা নিয়ে প্রশ্ন তোলায় ক্ষোভ প্রকাশ করে অভিনেত্রী বলেন, মডেলিং, নাটক- সবমিলিয়ে এই ইন্ডাস্ট্রিতে আমি ১২-১৪ বছর ধরে কাজ করছি। যেদিন প্রথম সিনেমার শুটিং করি, পরদিন লিগ্যাল নোটিশ আসে। এর ক’দিন পর মামলা হয়।

কেউ যদি উপরে উঠতে থাকে, তখনই তাকে টেনে নামানোর চেষ্টা করা হয়। ১৪ বছর ধরে আমি সুনামের সঙ্গে এই ইন্ডাস্ট্রিতে কাজ করছি। এত শ্রম দিয়ে শিল্পী হিসেবে নিজেকে তৈরি করেছি একটা অনলাইন শপের ২৭ হাজার টাকার শাড়ি নিয়ে প্রতারণা করার জন্য? এই তারকা আরও বলেন, আমার দর্শকরা আমাকে একটু বেশি ভালোবাসেন। এজন্য তারা আমার অল্প কিছু হলে প্যানিক হয়ে যায়। আশা রাখছি, আমি কী বলতে চেয়েছি- সেটা দর্শকরা বুঝতে পেরেছেন। বর্তমানে তিশা ব্যস্ত আছেন তার ক্যারিয়ারের প্রথম চলচ্চিত্র ‘সোলজার’র শুটিং নিয়ে। সাকিব ফাহাদ পরিচালিত এ সিনেমায় তিনি অভিনয় করেছেন ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খানের সঙ্গে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন