চলছে ফুটবল বিশ্বকাপের উন্মাদনা। এই উন্মাদনায় ভাসছেন বিশ্বের ফুটবলপ্রেমীরা। বাদ যাননি তারকারাও। প্রিয় দল, খেলোয়াড় ও এবারের বিশ্বকাপ নিয়ে কথা বলেছেন সংগীতশিল্পী জাকিয়া সুলতানা কর্ণিয়া। তার পছন্দের দল আর্জেন্টিনা। প্রিয় খেলোয়াড় লিওনেল মেসি। যখন থেকে খেলা বুঝতে শিখেছেন, তখন থেকেই তিনি আর্জেন্টিনার সমর্থক। এবারের বিশ্বকাপে আর্জেন্টিনার খেলাগুলো দারুণ উপভোগ করছেন তিনি। কোনো খেলাই মিস করেননি।
সামনেই যেহেতু ফাইনাল, এতে আর্জেন্টিনা মুখোমুখি হবে স্পেনের। এই ম্যাচ ঘিরে দারুণ এক্সাইটেড কর্ণিয়া। তিনি বলেন, এবারের আর্জেন্টিনার সব খেলা দেখেছি। প্রতিটি খেলা ও গোল উপভোগ করেছি। প্রিয় দল এবার চলে গেছে ফাইনালে। গতবারের বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আমি মনে করি মানসিক দিক থেকেই এগিয়ে রয়েছে আর্জেন্টিনা।
সেটা ফাইনালে কাজে লাগবে। অপেক্ষা করছি ফাইনালের দিনটির। মেসির হাতে আবার বিশ্বকাপ উঠুক। এটাই আসলে চাওয়া। এর মাধ্যমেই মেসির মতো একজন কিংবদন্তি খেলোয়াড়ের বিদায়টা সুন্দর হবে। আর্জেন্টিনা টিম ও সকল মেসি ভক্তদের জন্য শুভকামনা রইলো।
