ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় বৈশ্বিক আসর ফিফা বিশ্বকাপের চূড়ান্ত পর্বের উত্তেজনা যখন তুঙ্গে, ঠিক তখনই নিউইয়র্কের ম্যানহাটনে অবস্থিত ঐতিহ্যবাহী রকেফেলার সেন্টার প্লাজায় দেখা মিলল এক অভাবনীয় দৃশ্যের। প্রতি বছর যেখানে ক্রিসমাস ট্রি শোভা পায়, ঠিক সেই জায়গায় এবার মাথা উঁচু করে দাঁড়িয়েছে ১.৩৬ মিলিয়নেরও বেশি লেগো ব্রিক দিয়ে তৈরি বিশ্বের সবচেয়ে বড় বিশ্বকাপ ট্রফির রিপ্লিকা।
ফিফা ফ্যান ভিলেজের অংশ হিসেবে উন্মোচিত এই বিশালাকার শিল্পকর্মটি দেখতে প্রতিদিন ভিড় করছেন
আন্তর্জাতিক পর্যটক ও ফুটবল অনুরাগীরা।
বিস্ময়কর এই শিল্পকর্মটি ২৭ ফুট উঁচু এবং এর ওজন ৪.২ টন। চেক প্রজাতন্ত্রের একটি লেগো কারখানায় ৫৯ জন বিশেষজ্ঞের ৭,০৪০ ঘণ্টার নিবিড় পরিশ্রমে তৈরি হয়েছে ৩৬ মিলিয়নেরও লেগো ব্রিকের এই ট্রফি।
ফুটবলের বৈশ্বিক উন্মাদনাকে নতুন মাত্রা দিতে লেগো এবং ফিফার এই যৌথ উদ্যোগটি নিউ ইয়র্কের স্থাপত্যকলায় এক নতুন চমক যোগ করেছে। গত ৬ জুলাই ব্রাজিলীয় ফুটবল কিংবদন্তি এবং বিশ্বকাপ জয়ী অধিনায়ক কাফু আনুষ্ঠানিকভাবে ট্রফিটি উন্মোচন করেন।
আগামী ১৯ জুলাই বিশ্বকাপ ফাইনালের দিন পর্যন্ত রকেফেলার প্লাজার এই প্রদর্শনী সবার জন্য সম্পূর্ণ বিনামূল্যে উন্মুক্ত থাকবে।
ফুটবল ও শিল্পের এই মহাযজ্ঞ সরাসরি দেখার জন্য শহরজুড়ে ফুটবলপ্রেমীদের মাঝে ব্যাপক আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে।
