ফাইনালের আগে নিউ ইয়র্কে বায়ুদূষণের সতর্কতা

ফাইনালের আগে নিউ ইয়র্কে বায়ুদূষণের সতর্কতা

ফন্ট সাইজ:

বিশ্বকাপ ফুটবলের মহারণ মঞ্চস্থ হতে বাকি মাত্র এক দিন। এর আগেই ১৯শে জুলাইয়ের মেগা ফাইনালকে ঘিরে নিউ ইয়র্ক ও মেটলাইফ স্টেডিয়াম এলাকায় জারি করা হয়েছে ‘বায়ুমান স্বাস্থ্য সতর্কতা’। কানাডার ভয়াবহ দাবানল থেকে সৃষ্ট ঘন ধোঁয়া ও কুয়াশার চাদরে ঢাকা পড়েছে পুরো নিউ ইয়র্ক অঞ্চল। স্থানীয় প্রশাসন বাসিন্দাদের ঘরের বাইরে ভারী কাজকর্ম না করার এবং ঘরে থাকার পরামর্শ দিয়েছে।

আগামী রোববার বাংলাদেশ সময় রাত ১টায় ফুটবলের শ্রেষ্ঠত্বের লড়াইয়ে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও স্পেন। তবে মাঠের লড়াইয়ের চেয়ে এখন বড় মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে বাতাস। টেক্সাসে সেমিফাইনাল জিতে বুধবার রাতে স্পেন দল যখন নিউজার্সিতে পৌঁছায়, তখন থেকেই সেখানকার পরিস্থিতির অবনতি হতে শুরু করে।

অবশ্য বৃহস্পতিবার স্প্যানিশ দলটিকে উন্মুক্ত মাঠেই অনুশীলন করতে দেখা গেছে। বাতাস নিয়ে তারা এখনো কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি। অন্যদিকে, ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে ওঠা আর্জেন্টিনা দল এখনও জর্জিয়ায় অবস্থান করছে। শুক্রবার বিকালে তাদের নিউজার্সিতে অনুশীলনে নামার কথা রয়েছে।

খোলা আকাশের নিচে হওয়া এই মেগা ইভেন্ট নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ফাইনালের সমাপনী অনুষ্ঠানে অংশ নিতে যাওয়া পারফর্মাররাও। ড্যান্সার ক্যাটলিনের বাবা ড্যান এডগার বলেন, ‘আমার মেয়ে স্টেডিয়ামে পারফর্ম করার প্র্যাকটিস করছে। সে টেক্সট করে জানিয়েছে ওখানকার অবস্থা খুবই খারাপ। এত ভারী বাতাসে নাচ করা অসম্ভব হয়ে পড়ছে।’

এরই মধ্যে বুধবার রাতে কুইন্সের সিটি ফিল্ডে নারী ফুটবল লীগের একটি ম্যাচ তীব্র কমলা ধোঁয়াশার মাঝেই অনুষ্ঠিত হয়। এ নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন ফুটবলাররা। ওয়াশিংটন স্পিরিট-এর তারকা ট্রিনিটি রডম্যান ম্যাচ শেষে সরাসরি বলেন, ‘অজুহাত দিচ্ছি না, তবে বাতাসের মান এতটাই বাজে ছিল যে আমাদের বারবার বিরতি নিতে হচ্ছিল। আমার মতে, এই পরিস্থিতিতে ম্যাচটি মাঠেড়ানোই উচিত হয়নি।’

যদিও ২০২৩ সালের জুনের মতো এবার পরিস্থিতি অতটা ভয়াবহ রূপ নেয়নি। তবুও ৮০ হাজার দর্শক ধারণক্ষমতাসম্পন্ন এই স্টেডিয়ামের ফাইনাল ম্যাচ নিয়ে কিছুটা শঙ্কা তৈরি হয়। তবে আবহাওয়া পূর্বাভাস বলছে, শুক্রবার থেকেই বায়ুর মানের উন্নতি হতে শুরু করবে এবং শনিবারের সম্ভাব্য বৃষ্টি ধোঁয়াশা পুরোপুরি দূর করতে সাহায্য করবে।

ফিফা বা আয়োজকদের পক্ষ থেকে ম্যাচ পেছানোর কোনো ইঙ্গিত এখনো দেয়া হয়নি।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন