বন্যার্তদের সহায়তায় তহবিল গঠনে গাইবেন রুনা লায়লা

বন্যার্তদের সহায়তায় তহবিল গঠনে গাইবেন রুনা লায়লা

ফন্ট সাইজ:

দেশের কিংবদন্তি কণ্ঠশিল্পী রুনা লায়লার সম্মাননা প্রদান ও একক সংগীতানুষ্ঠানের নতুন তারিখ ঘোষণা করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। পূর্বঘোষিত ১৮ জুলাইয়ের পরিবর্তে আগামী ২৪ জুলাই অনুষ্ঠিত হবে এ আয়োজন। অনুষ্ঠানে বন্যার্ত মানুষদের সহায়তা দেওয়ার উদ্দেশ্যে গান পরিবেশন করবেন এই গুণী শিল্পী। তাই নির্ধারিত মূল্যে টিকিট কিনে এ অনুষ্ঠান উপভোগ করতে হবে। এ থেকে পাওয়া অর্থ বন্যার্ত মানুষের সহায়তার জন্য প্রদান করা হবে। বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় আগামী ২৪ জুলাই সন্ধ্যা সাড়ে ৬টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে অনুষ্ঠিত হবে রুনা লায়লাকে সম্মাননা প্রদান ও তার একক সংগীতানুষ্ঠান। দেশের সংগীতাঙ্গনে দীর্ঘ কয়েক দশক ধরে অসামান্য অবদান রেখে আসছেন রুনা লায়লা। দেশ-বিদেশে বাংলা গানের মর্যাদা প্রতিষ্ঠায় তার ভূমিকা অনন্য। সেই অবদানের স্বীকৃতি জানাতেই জাতীয় পর্যায়ে এ সম্মাননা প্রদান করা হচ্ছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী নিতাই রায় চৌধুরী এমপি।

বিশেষ অতিথি থাকবেন সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম এমপি এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব কানিজ মওলা। স্বাগত বক্তব্য দেবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক ও কবি শেখ রেজাউদ্দিন আহমেদ। আর ধন্যবাদ জ্ঞাপন করবেন একাডেমির সচিব মোহাম্মদ জাকির হোসেন। এদিনের অনুষ্ঠানে রুনা লায়লা তার ক্যারিয়ারের জনপ্রিয় ও কালজয়ী গানগুলো পরিবেশন করবেন।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন