নীলফামারীর ডিমলায় বিয়ের পরদিনই মসজিদের ভেতর থেকে মো. মালেক (২১) নামের এক মুয়াজ্জিনের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার গভীর রাতে উপজেলার ঝুনাগাছ চাপানী ইউনিয়নের দক্ষিণ ঝুনাগাছ চাপানী (মুনাকাশা) গ্রামের মৃত নুরুল হকের ছেলে ও এলাকার বাইতুন নূর জামে মসজিদের মুয়াজ্জিন আব্দুল মালেক বাড়িতে রাতের খাবার খেয়ে বেরিয়ে যান। রাত ১২টায়ও বাড়িতে না ফেরায় পরিবারের লোকেরা তাকে খোঁজাখুঁজি করেন। খবর দেয়া হয় তার পার্শ¦বর্তী শ্বশুরবাড়িতেও। পরে তার শ্বশুর, পরিবারের লোকেরাসহ স্থানীয়রা তাকে অনেক খোঁজাখুঁজি করে রাত ১টার সময় ওই মসজিদের বারান্দায় তার জুতা দেখতে পান। এর পর মসজিদের ভেতরে ফ্যান লাগানো লোহার সঙ্গে প্লাস্টিকের রশি গলায় প্যাঁচানো লাশ ঝুলতে দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নীলফামারী সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠায়।
স্থানীয়রা জানান, একই এলাকার জিকরুল হকের মেয়ের সঙ্গে গত ১৪ই জুলাই বিবাহবন্ধনে আবদ্ধ হন। বিবাহের কাবিন ও দেনমোহর নিয়ে বরপক্ষ কনে পক্ষের মধ্যে বিতণ্ডা ও মনোমালিন্যর ঘটনা ঘটে।
ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শওকত আলী সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তার পরিবারের কথামতো ডিমলা থানায় অপমৃত্যুর মামলা করা হয়েছে।
