নেত্রকোণায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

ফন্ট সাইজ:

নেত্রকোণা-ময়মনসিংহ মহাসড়কের পালেরঘাট নামক স্থানে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক ট্রাকচালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অপর ট্রাকের চালক ও হেলপার। বৃহস্পতিবার ভোর সোয়া ৬টার দিকে পূর্বধলা উপজেলার গোহালাকান্দা ইউনিয়নের ইসবপুর পালেরঘাট এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় এলাকাবাসী ও শ্যামগঞ্জ হাইওয়ে থানা পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ভোরে ময়মনসিংহগামী একটি ট্রাক এবং বিপরীত দিক থেকে আসা নেত্রকোণা গামী অপর একটি ট্রাকের মধ্যে পালেরঘাট এলাকায় মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে দু’টি ট্রাকের সামনের অংশ সম্পূর্ণ দুমড়ে-মুচড়ে যায়। দুর্ঘটনা কবলিত একটি ট্রাকের চালক স্টিয়ারিংয়ের সঙ্গে আটকা পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারায়। স্থানীয় লোকজন অপর ট্রাকের আহত চালক ও হেলপারকে উদ্ধার করে চিকিৎসার জন্য তাৎক্ষণিকভাবে ২৫০ শয্যা বিশিষ্ট নেত্রকোণা সদর হাসপাতালে পাঠায়। খবর পেয়ে শ্যামগঞ্জ হাইওয়ে থানা পুলিশ এবং পূর্বধলা ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। ফায়ার সার্ভিসের কর্মীরা বেশ কিছুক্ষণের চেষ্টায় দুমড়ে-মুচড়ে যাওয়া ছোট ট্রাকটি কেটে ভেতরে আটকে থাকা নিহত চালকের মরদেহ উদ্ধার করে। শ্যামগঞ্জ হাইওয়ে থানা পুলিশ জানিয়েছে, নিহতের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। শনাক্তে পুলিশ কাজ করছে। পূর্বধলা থানার ওসি মো. আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। দুর্ঘটনা কবলিত ট্রাক দু’টি পুলিশের হেফাজতে নেয়া হয়েছে।


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন