বেরোবিতে আবু সাঈদের নামে গেট-স্মৃতিস্তম্ভ ও হলের আশ্বাস, রংপুরে হবে ইন্ডাস্ট্রিয়াল পার্ক: মন্ত্রী

ফন্ট সাইজ:

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) জুলাই আন্দোলনের শহীদ আবু সাঈদের স্মৃতিকে সংরক্ষণে তার নামে গেট, স্মৃতিস্তম্ভ ও আবাসিক হল নির্মাণের আশ্বাস দিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী। একইসঙ্গে রংপুরে শিল্পায়নের লক্ষ্যে ইন্ডাস্ট্রিয়াল পার্ক প্রতিষ্ঠার পরিকল্পনার কথাও জানান তিনি। বৃহস্পতিবার বেরোবিতে শহীদ আবু সাঈদের শাহাদতবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, রোকেয়া বিশ্ববিদ্যালয়ে যতগুলো হল হওয়া দরকার, টিএসসি হওয়া দরকার। এখানে আবু সাঈদের নামে একটি গেট, একটি স্মৃতিস্তম্ভ হওয়া দরকার। শহীদ আবু সাঈদের শ্রদ্ধেয় বাবা মকবুল হোসেন তার নামে একটি হলের কথা বলেছেন। ইনশাআল্লাহ সব হবে। আমাদেরকে একটু সময় দিন। তিনি আরও বলেন, হবে বলেই আমি আজ রংপুরে এসেছি, রোকেয়া বিশ্ববিদ্যালয়ে এসেছি। রংপুরের উন্নয়ন প্রসঙ্গে মন্ত্রী বলেন, শহীদ আবু সাঈদের বাবা মকবুল হোসেন শিল্পকারখানা স্থাপনের দাবি জানিয়েছেন, যাতে এ অঞ্চলের মানুষের কর্মসংস্থান সৃষ্টি হয়। এ বিষয়ে সরকার ইতিমধ্যে পরিকল্পনা গ্রহণ করেছে। তিনি বলেন, রংপুরে ইন্ডাস্ট্রিয়াল পার্ক হবে। শুধু সময় দিন, দেখবেন আস্তে আস্তে রংপুর আলোকিত রংপুরে পরিণত হবে। বঞ্চিত রংপুর থাকবে না। উন্নয়ন বরাদ্দ প্রসঙ্গে তিনি বলেন, প্রধানমন্ত্রী সংসদে নিশ্চিত করেছেন যে, দেশের অন্যান্য জেলার মতো রংপুরেও উন্নয়ন কর্মকাণ্ডের বরাদ্দ কমবে না। আমি বলি, একটু হলেও বাড়বে ইনশাআল্লাহ। কথা দিয়ে যাচ্ছি, একটু হলেও বাড়বে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন