তুরাগে সাত মাসের শিশুকে আছড়ে মারলো বাবা

ফন্ট সাইজ:

রাজধানীর তুরাগের সিরাজ মার্কেট সংলগ্ন আকবর ভবনের সবুজের বস্তি এলাকায় পারিবারিক কলহের জেরে কবিতা রাফা নামে এক সাত মাস বয়সী শিশুকে আছড়ে হত্যার অভিযোগ উঠেছে তার বাবা মো. কবিরের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত বাবাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৬ই জুলাই) দুপুর আড়াইটার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়।
নিহত শিশুর মা লিমা আক্তার বলেন, তার স্বামী মো. কবির ব্যাটারিচালিত অটোরিকশা চালক। বুধবার (১৫ই জুলাই) সন্ধ্যা সাতটার দিকে পারিবারিক বিষয় নিয়ে তাদের মধ্যে কথা-কাটাকাটি ও ঝগড়া হয়। তিনি অভিযোগ করেন, স্বামী সংসারের ভরণপোষণ ঠিকমতো দিতেন না। এসব বিষয় নিয়ে বাকবিতণ্ডার একপর্যায়ে তার সামনেই কবির তাদের সাত মাসের মেয়ে কবিতা রাফাকে পা ধরে মাথার উপর তুলে মাটিতে আছাড় মারেন। এতে শিশুটি গুরুতর আহত হয়। পরে স্থানীয় একটি হাসপাতালে নেয়া হলে শিশুটির অবস্থার অবনতি হয়। সেখান থেকে রাত সাড়ে ১২টার দিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে তার মৃত্যু হয়।
লিমা আক্তার আরও জানান, তাদের গ্রামের বাড়ি নেত্রকোণা জেলার আটপাড়া উপজেলার বিষ্ণুপুর গ্রামে। আর তার স্বামীর বাড়ি গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার সোনাইডাঙ্গা গ্রামে। কবিতা রাফাই ছিল তাদের একমাত্র সন্তান। এদিকে, ঘটনার পর স্থানীয় লোকজন অভিযুক্ত মো. কবিরকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক শিশুটির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঘটনাটি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে এবং অভিযুক্ত বাবাকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।



কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন