স্থানীয় নির্বাচন

ভোটার হওয়ার সময়সীমা জানালো ইসি

ফন্ট সাইজ:

স্থানীয় নির্বাচনকে ঘিরে নতুন করে ভোটার হওয়ার তারিখসহ চূড়ান্ত ভোটকেন্দ্রের তালিকা প্রকাশের তারিখ জানিয়েছে নির্বাচন কমিশন বাংলাদেশ (ইসি)। গত বুধবার পৃথক চিঠিতে ইসি জানিয়েছে, আগামী ২৭শে আগস্ট চূড়ান্ত ভোটকেন্দ্রের তালিকা প্রকাশ করা হবে। ৩১শে জুলাই পর্যন্ত ভোটার তালিকায় নাম লেখানোর সুযোগ পাবেন নাগরিকরা।

চিঠি অনুযায়ী, নির্ধারিত সময়সূচি অনুসারে আগামী ১০ই আগস্ট ভোটকেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ করা হবে। এ তালিকার উপর দাবি ও আপত্তি জমা দেয়ার শেষ সময় ১৮ই আগস্ট। এরপর প্রাপ্ত আবেদন যাচাই-বাছাই ও নিষ্পত্তির কাজ ২৩শে আগস্টের মধ্যে শেষ করতে হবে। সব প্রক্রিয়া সম্পন্ন করে ২৭শে আগস্ট সম্ভাব্য ভোটকেন্দ্রের চূড়ান্ত তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। চিঠিতে আরও বলা হয়েছে, সিটি করপোরেশন, পৌরসভা, ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ ও জেলা পরিষদ নির্বাচন উপলক্ষে প্রণীত ‘স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচনে ভোটকেন্দ্র স্থাপন ও ব্যবস্থাপনা নীতিমালা-২০২৫’ অনুযায়ী ভোটগ্রহণের অন্তত ২৫ দিন আগে ভোটকেন্দ্রের তালিকা চূড়ান্ত করে গেজেট আকারে প্রকাশ করতে হবে।

অন্য চিঠিতে ইসি জানিয়েছে, ৩১শে জুলাই পর্যন্ত ভোটার তালিকায় নাম লেখানোর সুযোগ পাবেন নাগরিকরা। যাদের বয়স ১৮ হয়েছে, তারাই শুধু আবেদন করতে পারবেন। ২০০৮ সালের ৩১শে জুলাই বা তার আগে জন্মগ্রহণকারী যেসব ব্যক্তি এখনো ভোটার হননি, তারা ৩১শে জুলাইয়ের মধ্যে আবেদন করলে স্থানীয় সরকার নির্বাচনের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হতে পারবেন। আবেদনের পর যাচাই-বাছাই শেষে ৯ই আগস্ট খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। তালিকাটি ইউনিয়ন পরিষদ, পৌরসভা এবং উপজেলা বা থানা নির্বাচন অফিসে প্রদর্শন করা হবে। খসড়া তালিকায় কারও নাম বাদ পড়লে বা ব্যক্তিগত তথ্যে ভুল থাকলে, ২৪শে আগস্ট পর্যন্ত ভোটার অন্তর্ভুক্তি বা তথ্য সংশোধনের আবেদন করা যাবে। ৩১শে আগস্ট চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে ইসি।

অক্টোবরেই স্থানীয় সরকার নির্বাচনের আভাস

আগামী অক্টোবরে স্থানীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে সরকার। গতকাল সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ বলেছেন, বর্ষাকালীন আবহাওয়ার বিষয়টি বিবেচনা করে আগামী সেপ্টেম্বর-অক্টোবর নাগাদ স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে যৌথ বৈঠকের মাধ্যমে ইউনিয়ন পরিষদসহ স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত সময়সূচি নির্ধারণ করা হবে। স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে যৌথ বৈঠকের মাধ্যমে ইউনিয়ন পরিষদসহ স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত সময়সূচি নির্ধারণ করা হবে। এর আগে, গত ৬ই জুলাই নির্বাচন ভবনে এক অনুষ্ঠানে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেন, এটা স্পষ্ট করে বলতে পারি, অক্টোবরকে সামনে রেখে আমরা কাজ এগিয়ে নিচ্ছি। তিনি বলেন, আমরা মনে করি, নির্বাচন সঠিক সময় হবে। যদি অক্টোবরে নির্বাচন হয় তাহলে ৪৫ দিন ধরে নিয়ে শিডিউল ঘোষণা করতে হবে। আমরা সে ব্যাপারে প্রস্তুতি গ্রহণ করছি।


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন