বোয়ালখালীর লবণ কারখানায় বিস্ফোরণে ১০ শ্রমিক দগ্ধ

বোয়ালখালীর লবণ কারখানায় বিস্ফোরণে ১০ শ্রমিক দগ্ধ

ফন্ট সাইজ:

চট্টগ্রামের বোয়ালখালীর লবণ কারখানায় বিস্ফোরণে ১০ শ্রমিক দগ্ধ হয়েছেন। গতকাল সকালে বোয়ালখালী পৌরসভার পশ্চিম গোমদণ্ডী এলাকার কনফিডেন্স লবণ কারখানায় এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি করা হয়েছে।

দগ্ধ শ্রমিকরা হলেন বোয়ালখালীর দিদারুল আলম (৩২), রাঙ্গুনিয়ার উজ্জ্বল দাশ (৫৩), চট্টগ্রাম নগরের মাদারবাড়ির মোহাম্মদ লিটন (২৮), লোহাগাড়ার সিরাজুল ইসলাম (৩৪), রাউজানের জাহিদুল আলম (৪২), বোয়ালখালীর জাহিদ হোসেন (৩৮), নূর নবী (২৫), পটিয়ার মোহাম্মদ আলম (৪৫), মাহামুদুল হক (৪৫) এবং চন্দনাইশের সেলিম উদ্দিন (৩০)।
প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্র জানায়, প্রতিদিনের মতো কারখানায় পাইপ ফিটিং, জেনারেটর স্থাপন ও ঝালাইয়ের কাজ চলছিল। এ সময় হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণের পর আগুন ছড়িয়ে পড়ে। মুহূর্তেই আগুনে দগ্ধ হন টেকনিশিয়ান, ইলেকট্রিশিয়ানসহ ১০ শ্রমিক। পরে স্থানীয়রা ও ফায়ার সার্ভিস কর্মীরা তাঁদের উদ্ধার করে চমেক হাসপাতালের বার্ন ইউনিটে নিয়ে যান। চমেক হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. মো. এস. খালেদ বলেন, যারা হাসপাতালে এসেছেন, তাদের অধিকাংশের অবস্থাই গুরুতর। একজনের শরীরের ৯৫ শতাংশ দগ্ধ হয়েছে। আরও কয়েকজনের ২০ থেকে ৬০ শতাংশ পর্যন্ত পুড়ে গেছে। চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল তসলিম উদ্দিন বলেন, যেসব রোগীর অবস্থা সংকটাপন্ন, তাদের আইসিইউতে স্থানান্তরের ব্যবস্থা করা হচ্ছে। বার্ন ইউনিটের বিশেষজ্ঞ চিকিৎসকরা সমন্বিতভাবে চিকিৎসা দিচ্ছেন। এদিকে বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মোজাফফর হোসেন জানান, কারখানায় ঝালাইয়ের কাজ চলাকালে শর্টসার্কিট থেকে আগুন লাগে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আগুন ইতিমধ্যে নিয়ন্ত্রণে এসেছে। দুর্ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে।


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন