শায়েস্তাগঞ্জ-অলিপুর সড়কে সিএনজি ভাড়া নিয়ে নৈরাজ্য, অতিষ্ঠ যাত্রীরা

শায়েস্তাগঞ্জ-অলিপুর সড়কে সিএনজি ভাড়া নিয়ে নৈরাজ্য, অতিষ্ঠ যাত্রীরা

ফন্ট সাইজ:

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ রেলওয়ে পার্কিং থেকে অলিপুর রুটে চলাচলকারী সিএনজি-চালিত অটোরিকশার ভাড়া নিয়ে নৈরাজ্যের অভিযোগ উঠেছে। নির্ধারিত ভাড়া উপেক্ষা করে যাত্রীদের কাছ থেকে ইচ্ছামতো অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। সমিতি কর্তৃক জনপ্রতি ভাড়া ২০ টাকা নির্ধারিত থাকলেও অধিকাংশ ক্ষেত্রে যাত্রীদের কাছ থেকে ৩০ টাকা পর্যন্ত আদায় করা হচ্ছে।

এতে প্রতিদিন এই সড়কে চলাচলকারী সাধারণ যাত্রী, শিক্ষার্থী, চাকরিজীবী ও শ্রমজীবীরা ভোগান্তি ও হয়রানির শিকার হচ্ছেন। স্থানীয় সূত্রে জানা যায়, শায়েস্তাগঞ্জ রেলওয়ে পার্কিং এলাকা থেকে অলিপুরগামী সিএনজি অটোরিকশাগুলো দীর্ঘদিন ধরেই নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত অর্থ আদায় করে আসছে। যাত্রীরা প্রতিবাদ করলে অনেক চালক অসৌজন্যমূলক আচরণ করেন বলেও অভিযোগ রয়েছে। এ বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। যাত্রীদের দাবি, প্রশাসনের তদারকি না থাকায় কিছু অসাধু চালক ও সংশ্লিষ্টদের যোগসাজশে এই অনিয়ম দিন দিন বেড়েই চলেছে। এ বিষয়ে জানতে চাইলে শায়েস্তাগঞ্জ রেলওয়ে পার্কিং সিএনজি সমিতির সভাপতি জাহির আহমেদ সোহেল বলেন, শায়েস্তাগঞ্জ থেকে অলিপুর পর্যন্ত একজন যাত্রীর নির্ধারিত ভাড়া ২০ টাকা এবং বর্তমানে এই ভাড়াই কার্যকর রয়েছে। তিনি বলেন, রাত ১০টার পর যদি কোনো যাত্রী একা যান, সে ক্ষেত্রে পরিস্থিতি বিবেচনায় কিছু চালক ৩০ টাকা নিয়ে থাকেন। তবে রাত ১০টার আগে কোনো চালক যদি ৩০ টাকা আদায় করেন এবং এ বিষয়ে সুনির্দিষ্ট প্রমাণসহ অভিযোগ পাওয়া যায় তাহলে তার বিরুদ্ধে সাংগঠনিক ও আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। অপরদিকে অলিপুর সিএনজি সমিতির সভাপতি মো. নাছির উদ্দিন বলেন, অলিপুর-শায়েস্তাগঞ্জ রুটে জনপ্রতি ভাড়া ২০ টাকাই নির্ধারিত রয়েছে। কোনো চালক নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি অর্থ আদায় করলে এবং অভিযোগের সত্যতা প্রমাণিত হলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন