ময়মনসিংহের তারাকান্দার বনপাড়া এলাকায় চাঁদা না দেয়ায় মো. মুখলেছুর রহমান (৩০) নামের এক যুবককে পিটিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগীর বাবা মো. আ. হেকিম (৭০) বাদী হয়ে চারজনকে অভিযুক্ত করে তারাকান্দা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্তরা হলেনÑ বনপাড়া এলাকার রিয়াজ উদ্দিন (৬০), বিল্লাল হোসেন (৩৫), রাব্বী মিয়া (১৯) এবং মোছা. কাজল বেগম (৫০)। অভিযোগ সূত্রে জানা যায়, গত বুধবার সকাল আনুমানিক সাড়ে ৮টার দিকে মুখলেছুর বাড়ি থেকে তারাকান্দা বাজারের উদ্দেশ্যে রওনা হন। পথিমধ্যে স্থানীয় আলিসন মিয়ার মুদি দোকানের সামনে পৌঁছালে অভিযুক্ত রিয়াজ রাস্তা মেরামতের নাম করে মুখলেছুরের কাছে ৫০০ টাকা চাঁদা দাবি করেন। মুখলেছুর টাকা দিতে অস্বীকৃতি জানালে রিয়াজের নির্দেশে অভিযুক্তরা তাকে মারধর করে। একপর্যায়ে অভিযুক্ত রাব্বী লোহার রড দিয়ে হত্যার উদ্দেশ্যে মুখলেছুরের মাথায় আঘাত করে। এ সময় মুখলেছুর মাটিতে লুটিয়ে পড়লে বিল্লাল তার গলা চেপে ধরে শ্বাসরোধে হত্যার চেষ্টা চালায় ও কাজল বেগম লাঠি দিয়ে তাকে পিটিয়ে শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম করে। এ সময় স্থানীয়রা এসে মুখলেছুরকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। এ বিষয়ে তারাকান্দা থানা পুলিশ জানায়, অভিযোগের ভিত্তিতে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
তারাকান্দায় চাঁদা না দেয়ায় যুবককে পিটিয়ে জখম, থানায় অভিযোগ
তারাকান্দা (ময়মনসিংহ) প্রতিনিধি
১৭ জুলাই (শুক্রবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
