গাজীপুরে দায়িত্ব থেকে অব্যাহতি চেয়ে জেলা প্রশাসকের কাছে আবেদন করেছেন জেলা ও দায়রা জজ আদালত এবং চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতসহ বিভিন্ন আদালতের ১৫ জন সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) ও সহকারী সরকারি কৌঁসুলি (এজিপি)। বৃহস্পতিবার দুপুরে জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট মো. মোস্তাফিজুর রহমান কামালের নেতৃত্বে জামায়াত সমর্থিত আইনজীবীগণের আবেদনপত্র অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের কাছে জমা দেয়া হয়েছে। একযোগে ১৫ জন এপিপি ও এজিপি’র অব্যাহতির আবেদন আদালতপাড়ায় আলোচনার সৃষ্টি করেছে।
অব্যাহতির আবেদনকারী আইনজীবীরা জানান, বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে তারা যোগদান করে নিয়মিত সরকারের পক্ষে দায়িত্ব পালন করে আসছিলেন। কিন্তু বর্তমান সরকার জুলাই সনদ বাস্তবায়ন না করায়, বিচার বিভাগের স্বাধীন সচিবালয় গঠন না করায় ও সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ অধ্যাদেশ বাতিল করায় এই সরকারের অধীনে সরকারি দায়িত্ব পালন করতে আর ইচ্ছুক নন। তাই স্বেচ্ছায় স্বজ্ঞানে তারা দায়িত্ব থেকে অব্যাহতি প্রার্থনা করছেন। এ লক্ষ্যে গাজীপুর জেলা প্রশাসক বরাবরে প্রত্যেকের আলাদা আলাদা অব্যাহতির আবেদনপত্র অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের কাছে জমা দেয়া হয়। আবেদনপত্রগুলো যথাযথ প্রক্রিয়ায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে। তবে আদালত সূত্র জানায়, বিচার কার্যক্রম স্বাভাবিক রাখার লক্ষ্যে আবেদন মঞ্জুর না হওয়া পর্যন্ত তারা আগের দায়িত্বেই বহাল থাকবেন। অব্যাহতির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
