মাঠের ভেতরে চরম উত্তেজনার ম্যাচে আর্জেন্টিনার কাছে ২-১ গোলে হেরে বিশ্বকাপের সেমিফাইনাল থেকে বিদায় নিয়েছে ইংল্যান্ড। তবে ম্যাচ ছাড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে এখন অন্যতম আলোচিত বিষয় জুড বেলিংহ্যাম ও লিওনেল মেসির মধ্যকার এক উত্তপ্ত কথোপকথনের ভিডিও। যেখানে দেখা যায়, মেসি বেশ কড়া চোখে বেলিংহ্যামের দিকে তাকিয়ে কিছু বলছেন এবং রিয়াল মাদ্রিদ তারকা হাসতে হাসতে হেঁটে চলে যাচ্ছেন।
ম্যাচ শেষে এই আলোচিত ঘটনা নিয়ে মুখ খুলেছেন স্প্যানিশ ভাষায় পারদর্শী, ২২ বছর বয়সী ইংলিশ মিডফিল্ডার জুড বেলিংহ্যাম। পুরো বিষয়টিকে সংবাদমাধ্যমের তৈরি করা ‘বড় কিছু’ বলে উড়িয়ে দিয়ে তিনি বলেন, “আমরা আসলে মাঠের একটি ফাউল নিয়ে আলোচনা করছিলাম, খারাপ কিছু ঘটেনি। আমি নিশ্চিত সবাই এটাকে বড় করে দেখানোর চেষ্টা করবে। কিন্তু আসলে তেমন কিছুই ছিল না। আমার মনে হয়েছিল একটু আগে একটা ফাউল হয়েছিল, তখন মেসি আমাকে বললো-‘আমার ওপর হওয়া ফাউলটার কী হবে?’ জবাবে আমি বলেছিলাম-‘তুমি তো এসব হজম করার মতো যথেষ্ট শক্তিশালী!’”
মাঠের সেই মুহূর্তটি নিয়ে বিতর্ক তৈরি হলেও, ফুটবল ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড়ের বিপক্ষে খেলতে পেরে নিজেকে ধন্য মনে করছেন বেলিংহ্যাম। ম্যাচ শেষের সংবাদ সম্মেলনে তিনি মেসির প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, ‘তার বিপক্ষে খেলতে পারাটা একটা পরম সৌভাগ্য। তার বিরুদ্ধে আমার ব্যক্তিগত কোনো ক্ষোভ নেই। আমি আজ পরাজিত দলে আছি, যা প্রচণ্ড কষ্ট দিচ্ছে; তবে ইতিহাসের অন্যতম সেরা একজনের মুখোমুখি হওয়াটা সবসময়ই সম্মানের।’
ম্যাচের ৫৫ মিনিটে অ্যান্থনি গর্ডনের গোলে এগিয়ে যায় ইংল্যান্ড। তবে কোচ থমাস টুখেলের অতি-রক্ষণাত্মক কৌশলের জন্য শেষ পর্যন্ত খেসারত দিতে হয় দলটিকে। শেষ মুহূর্তে মেসির দুটি অ্যাসিস্ট থেকে এনজো ফার্নান্দেজ এবং লাউতারো মার্টিনেজ গোল করে আর্জেন্টিনার জয় নিশ্চিত করেন।
এদিকে ম্যাচ শেষে আর্জেন্টিনার খেলোয়াড় ভালেন্তিন বার্কোর মাথায় চড় মেরে নতুন বিতর্কের জন্ম দিয়েছেন বেলিংহ্যাম। এই আচরণের জন্য তিনি ফিফার শাস্তির মুখে পড়েন কি না, সেটাই এখন দেখার বিষয়। আগামীকাল মায়ামিতে বিশ্বকাপের তৃতীয় স্থানের লড়াইয়ে ফ্রান্সের মুখোমুখি হবে ইংল্যান্ড।
