ফাইনালে লা ফুয়েন্তের মুখোমুখি স্কালোনি

গুরু বনাম শিষ্য

ফাইনালে লা ফুয়েন্তের মুখোমুখি স্কালোনি

ফন্ট সাইজ:

ফুটবল বিশ্বকাপের ফাইনাল মঞ্চ এবার এক অদ্ভুত নাটকীয় চিত্রনাট্যের সাক্ষী হতে যাচ্ছে। ফ্রান্সকে হারিয়ে ফাইনালে পা রেখেছে ইউরোপিয়ান চ্যাম্পিয়ন স্পেন। অন্যদিকে, ইংল্যান্ডের বাধা টপকে টানা দ্বিতীয় শিরোপার লক্ষ্যে প্রস্তুত ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। তবে রোবারের এই মেগা ফাইনাল কেবল দুই পরাশক্তির লড়াই নয়, এটি হতে যাচ্ছে ডাগআউটে এক ‘গুরু ও শিষ্যের’ মস্ত বড় মনস্তাত্ত্বিক যুদ্ধ।

স্পেনের কোচ লুইস দে লা ফুয়েন্তে এবং আর্জেন্টিনার লিওনেল স্কালোনির এই সম্পর্কের সূত্রপাত ২০১৭ সালে। ফুটবলার হিসেবে অবসর নেয়ার পর স্কালোনি যখন স্প্যানিশ ফুটবল ফেডারেশনের (আরএফইএফ) ‘লাস রোজাস’ কোচিং একাডেমিতে কোচিংয়ের পাঠ নিচ্ছিলেন, তখন দে লা ফুয়েন্তে ছিলেন তার শিক্ষক।
শিক্ষক ও ছাত্রের এই মেলবন্ধন নিয়ে ২০২৪ সালের কোপা আমেরিকার সময়ই বেশ আবেগঘন কথা বলেছিলেন ৪৮ বছর বয়সী স্কালোনি। সেসময় আর্জেন্টিনা বস বলেন, ‘আমরা যারা লাস রোজাসে কোচিং কোর্স করেছি, তাদের জন্য লুইস (দে লা ফুয়েন্তে) ছিলেন এক বিরাট সাহায্য। আমি তার সঙ্গে অনেক কথা বলেছি এবং তার জন্য শুভকামনা জানাই। তার দল পরিচালনার ধরন আমার দারুণ পছন্দ।’ অন্যদিকে, ৬৫ বছর বয়সী দে লা ফুয়েন্তেও তার এই প্রাক্তন ছাত্রকে এখন ফুটবলের একজন ‘মাস্টারমাইন্ড’ হিসেবে গণ্য করেন। ফাইনালের আগেই তিনি জানান, ফাইনালে আর্জেন্টিনার মুখোমুখি হতে পারলে তিনি ‘অত্যন্ত আনন্দিত’ হবেন।

কোচিং কোর্সের বাইরেও স্পেনের সঙ্গে স্কালোনির নাড়ির টান বেশ গভীর। খেলোয়াড় হিসেবে স্প্যানিশ ক্লাব দেপোর্তিভো লা করুনা ও মায়োর্কায় দীর্ঘদিন কাটিয়েছেন তিনি। তার স্ত্রী এলিসা মনতেরো একজন স্প্যানিশ এবং তাদের সন্তানরাও স্পেনে জন্মগ্রহণ করেছে। বর্তমানে তারা সপরিবারে মায়োর্কাতেই বসবাস করেন। সেমিফাইনালের আগে নিজের গুরুর প্রশংসা করে স্কালোনি আটলান্টায় বলেছিলেন, ‘আমি তার জন্য সত্যিই আনন্দিত। সে দারুণ একজন মানুষ এবং এই সাফল্য তার প্রাপ্য। স্পেনের খেলায় যা দেখি, তা-ই আমরা আমাদের দলে দেখতে চাই। আমাদের কিছু হলে আমি তাকে কল দিতাম। তবে ফাইনালে যদি তার মুখোমুখি হই... না, এখন আশা করি ফাইনালের পরেই কথা হবে।’

১৯৬২ সালে ব্রাজিলের পর প্রথম দল হিসেবে টানা দুবার বিশ্বকাপ জয়ের হাতছানি আর্জেন্টিনার সামনে। অন্যদিকে স্পেনের লক্ষ্য ১৬ বছর পর দ্বিতীয় সোনালি ট্রফি।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন