ধামরাইয়ে রথযাত্রায় ভক্তের ঢল

ধামরাইয়ে রথযাত্রায় ভক্তের ঢল

ফন্ট সাইজ:

ধামরাইয়ে প্রায় ৪০০ বছরের ঐতিহ্যবাহী শ্রী শ্রী যশোমাধবের রথযাত্রা উৎসব ও মাসব্যাপী মেলার উদ্বোধন করা হয়েছে। গতকাল সকাল ১০টায় উদ্বোধনী দিনে প্রথমে রথের সারথি উত্তম গাংগুলি ও চপলেশ গাংগুলি ধর্মীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন। বিকাল সাড়ে ৫টায় ধামরাই পৌর এলাকার কায়েতপাড়ায় অস্থায়ী মঞ্চে মঙ্গল প্রদীপ জ্বালিয়ে ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে প্রধান অতিথি হিসেবে রথযাত্রা উৎসবের উদ্বোধন করেন চিফ হুইপ নূরুল ইসলাম মনি। দেশের সর্ববৃহৎ এ রথযাত্রা ঘিরে ধামরাইয়ে এখন সাজ সাজ রব। প্রতিবছর আষাঢ় মাসের শুক্লা পক্ষের দ্বিতীয়া তিথিতে এই রথযাত্রা উৎসব শুরু হয়। এ উৎসব দেশ-বিদেশের লাখো মানুষের মিলনমেলায় পরিণত হয়। শ্রী শ্রী যশোমাধবের প্রতি কলা-চিনি ছিটিয়ে এক বছরের পাপ মোচনের জন্য দূর-দূরান্ত থেকে সনাতনী ধর্মাবলম্বীরা কয়েকদিন ধরেই এসে উঠছেন আত্মীয়স্বজনের বাড়িতে।

যশোমাধব মন্দির ও রথমেলা পরিচালনা কমিটির সভাপতি মেজর জেনারেল (অব.) জীবন কানাই দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য তমিজ উদ্দিন, সংরক্ষিত নারী আসনের এমপি সুলতানা, ঢাকা জেলা পরিষদের প্রশাসক ইয়াছিন ফেরদৌস মুরাদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল মামুন প্রমুখ। এদিন, বিকালে রথযাত্রা উদ্বোধনের পর উৎসবে আগতরা কায়েতপাড়া থেকে মূর্তিসহ ৪২ ফুট উচ্চতার তিনতলা রথটি পাটের রশি ধরে টেনে যশোমাধবের শ্বশুরবাড়ি যাত্রাবাড়ী মন্দিরে নিয়ে যান। সেখানে পূজা-অর্চনা শেষে ৯ দিন পর তা উল্টো টেনে আগের স্থানে আনা হবে। এই উল্টো রথটান আগামী ২৪শে জুলাই অনুষ্ঠিত হবে।

তবে রথ উৎসবের মেলা চলবে এক মাসব্যাপী। শ্রী শ্রী যশোমাধব মন্দির ও রথমেলা উদ্‌যাপন কমিটির সাধারণ সম্পাদক সুকান্ত বণিক বলেন, প্রতিবছরের মতো এবারো রথযাত্রা উৎসব লাখো ভক্তের মিলনমেলায় পরিণত হয়। জেলা পরিষদের প্রশাসক ইয়াসিন ফেরদৌস মুরাদ বলেন, রথ ধামরাইয়ের ঐতিহ্য। আজ এ ঐতিহ্যকে ঘিরে পুরো থামরাই জুড়ে উৎসবের আমেজ বইছে। পরিণত হয়েছে লাখো ভক্তের মিলনমেলায়। ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল মামুন ও থানার ওসি নাজমুল হুদা খান জানান, রথমেলার নিরাপত্তা নিশ্চিতে তিন শতাধিক পুলিশ, র?্যাব, আনসার সদস্য মোতায়েন করা হয়েছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন