জুলাই আন্দোলনের ৫৯ মামলায় প্রকৃত দোষীদের বিরুদ্ধে চার্জশিট দিবে ডিবি

ফন্ট সাইজ:

জুলাই আন্দোলন সংশ্লিষ্ট ৫৯টি মামলায় প্রকৃত দোষীদের বিরুদ্ধে চার্জশিট দিবে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)। বৃহস্পতিবার দুপুরে ডিএমপি’র মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ডিবি’র অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম। তিনি বলেন, প্রতিটি মামলায় বিপুলসংখ্যক আসামি থাকায় তাদের অবস্থান, ভূমিকা এবং ফরেনসিক তথ্য-প্রমাণ যাচাই করে ধাপে ধাপে তদন্ত এগিয়ে নেয়া হচ্ছে। বর্তমানে ডিবি ৫৯টি মামলার তদন্ত করছে। প্রতিটি মামলায় আসামির সংখ্যা অনেক হওয়ায় তাদের অবস্থান শনাক্ত করা, ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতা নির্ধারণ এবং ফরেনসিক বিশ্লেষণের কাজ চলছে।

মো. শফিকুল ইসলাম জানান, জুলাই আন্দোলন-সংক্রান্ত প্রায় ৪০ জিবি তথ্য-উপাত্ত বিশ্লেষণ করা হচ্ছে। এসব মামলার তদন্তে ডিবি অত্যন্ত গুরুত্বের সঙ্গে কাজ করছে এবং আইনের আওতায় থেকে প্রকৃত অপরাধীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার লক্ষ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করা হবে।

সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, জুলাই আন্দোলনকে ঘিরে শুধুমাত্র ডিএমপিতেই শত শত ভুয়া মামলা হয়েছে। একই ঘটনায় একাধিক মামলা দায়ের এবং মামলা বাণিজ্যের অভিযোগও রয়েছে। তবে কেউ ভিন্ন উদ্দেশ্যে মামলা করে থাকলে তদন্তে তার কোনো প্রভাব পড়বে না।

তিনি বলেন, এসব মামলা অত্যন্ত গুরুত্বপূর্ণ হওয়ায় ডিএমপিতে একটি বিশেষ মনিটরিং সেল নিয়মিত তদন্তের অগ্রগতি পর্যালোচনা করছে। প্রতি ১৫ দিন পরপর মামলাগুলো নিয়ে আলোচনা হয়। পাশাপাশি পুলিশ সদর দপ্তরেও পৃথক মনিটরিং সেল থেকে তদন্ত কার্যক্রম তদারকি করা হচ্ছে। কেউ যদি ভিন্ন উদ্দেশ্য নিয়ে মামলা করে থাকে। আমরা তাতে সায় দেবো না। আমি আপনাদের নিশ্চয়তা দিচ্ছি যে, মামলাগুলো সঠিকভাবে তদন্ত করে একমাত্র দোষী ব্যক্তিদের বিরুদ্ধে চার্জশিট দেয়া হবে। তদন্তে চ্যালেঞ্জের বিষয়ে তিনি বলেন, বিপুল পরিমাণ তথ্য-উপাত্ত বিশ্লেষণ, অধিকসংখ্যক আসামি এবং একই ঘটনায় ভিন্ন ভিন্ন ব্যক্তিকে আসামি করায় তদন্তে সময় ও সতর্কতা প্রয়োজন হচ্ছে। প্রতিটি বিষয় যাচাই বাছাই করে সঠিক তথ্য যেন মামলায় প্রতিফলিত হয়, সে লক্ষ্যেই কাজ করছে ডিবি।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন