বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন খাতকে একটি উন্নতমানে নিয়ে যাওয়ার জন্য মতপ্রকাশ করেছেন। আমরা এর জন্য কাজ করছি, বিশেষ করে প্রবাসী ভাইবোন, যারা রেমিট্যান্স যোদ্ধা হিসেবে পরিচিত তাদের জন্য বিভিন্ন পদক্ষেপ নেয়া হচ্ছে। প্রবাসীদের টিকিট ভাড়া কমিয়ে দেয়াসহ তারা যাতে দেশে এসে হয়রানির শিকার না হন এর জন্য আমরা বিভিন্ন পদক্ষেপ নিচ্ছি। বৃহস্পতিবার বিকালে মানিকগঞ্জে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সনাতনী ধর্মের মানুষজনের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, গত ১৭ বছর মানিকগঞ্জের সনাতনী ধর্মের মানুষজনের উন্নয়ন হয়নি। জেলায় একটি উন্নতমানের মন্দির নেই। বিভিন্ন জায়গায় সনাতনী ধর্মের মানুষজনকে সৎকার করার মতো ভালো শ্মশান নেই। মানিকগঞ্জ সদর ও সাটুরিয়াতে দু’টি দৃষ্টিনন্দন মন্দির ও আধুনিক শ্মশানঘাট নির্মাণ করা হবে বলে জানান তিনি।
মন্ত্রী বলেন, বিএনপি আপনাদের পাশে আছে, আপনারাও আমাদের পাশে থাকুন। আমরা সবাইকে নিয়েই একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠন করবো। মানিকগঞ্জ আনন্দময়ী কালী মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত রথযাত্রা উপলক্ষে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রশাসক এডভোকেট জামিলুর রশিদ খান, কালীবাড়ি মন্দিরের সভাপতি ডাক্তার উমেশ চন্দ্র সরকার ও সাধারণ সম্পাদক গৌরাঙ্গ সরকার। উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ আলী, অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল আল মাসুম, পিপি নুরতাজ আলম বাহার, জেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি প্রণব শিকদার, সাধারণ সম্পাদক রুহিদাস তরফদার প্রমুখ। পরে আনন্দময়ী কালীবাড়ি থেকে হাজারো ভক্ত জগন্নাথ দেবের রথের রশি টেনে নিয়ে যায় তার মাসির বাড়িতে। এ সময় ভক্তরা জগন্নাথ দেবকে তুষ্ট করতে চিনি কলা অর্পণ করেন।
