সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলার একই পরিবারের দুই ভাই। মর্মান্তিক এই সংবাদে গ্রাম জুড়ে এখন শুধুই শোকের ছায়া। বিদেশের মাটিতে পরিবারের সচ্ছলতা ফেরাতে অনেক স্বপ্ন নিয়ে গিয়েছিলেন দুই ভাই। সেই স্বপ্ন মুহূর্তেই বিলীন হয়ে গেল ভয়াবহ সড়ক দুর্ঘটনায়। নিহতরা হলেন, ফয়েজ আহমেদ সজীব ও ফরহাদ হোসেন সুজন। চন্দ্রগঞ্জ ইউনিয়নের গণিপুর গ্রামের খলিফাবাড়ির ব্যবসায়ী আব্দুল মালেকের বড় ও মেজো ছেলে তারা। জীবিকার তাগিদে দুই ভাই সৌদি আরবে কর্মরত ছিলেন। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার ভোররাতে সৌদি আরবে নিজেদের ব্যবসা প্রতিষ্ঠানের মালামাল নিয়ে ফেরার পথে এক ভয়াবহ দুর্ঘটনার শিকার হন তারা। তাদের বহনকারী গাড়িটিকে বিপরীত দিক থেকে আসা অন্য একটি দ্রুতগামী গাড়ি সজোরে ধাক্কা দেয়। সংঘর্ষে গাড়িটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই দুই ভাই প্রাণ হারান। গত বুধবার দুই ভাইয়ের মৃত্যুর সংবাদ গ্রামে পৌঁছালে এলাকায় শোকের ছায়া নেমে আসে। দুই সন্তানকে হারিয়ে বাবা আব্দুল মালেক ও মা এখন বারবার মূর্ছা যাচ্ছেন। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে গণিপুর এলাকা। স্থানীয় বাসিন্দারা জানান, সজীব ও সুজন অত্যন্ত বিনয়ী, পরোপকারী ও পরিশ্রমী ছিলেন। পরিবারের বড় দুই সন্তানকে হারিয়ে পরিবারটি এখন দিশাহারা। পরিবারের সদস্যরা এখন মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে পররাষ্ট্র মন্ত্রণালয় ও সৌদি আরবে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের সহযোগিতা কামনা করেছেন। স্বজনদের আকুতি, অন্তত শেষবারের মতো যেন তাদের মুখ দেখার সুযোগ পান।
সৌদি আরবে সড়কে ঝরে গেল লক্ষ্মীপুরের দুই ভাইয়ের প্রাণ
লক্ষ্মীপুর প্রতিনিধি
১৭ জুলাই (শুক্রবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
