জুলাই সনদ নোট অব ডিসেন্টের আলোকে বাস্তবায়ন হলে আমাদের অংশগ্রহণ থাকবে না

রংপুরে নাহিদ ইসলাম

জুলাই সনদ নোট অব ডিসেন্টের আলোকে বাস্তবায়ন হলে আমাদের অংশগ্রহণ থাকবে না

ফন্ট সাইজ:

এনসিপি’র আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এমপি বলেছেন, জুলাই সনদ গণভোটের রায়ের আলোকে বাস্তবায়ন করতে হবে। সরকারের নোট অব ডিসেন্টের আলোকে বাস্তবায়ন করলে আমাদের কোনো সহযোগিতা তো থাকবেই না বরং আমাদের কোনো অংশগ্রহণও থাকবে না। বৃহস্পতিবার জুলাই শহীদ দিবস উপলক্ষে রংপুরের পীরগঞ্জ উপজেলার বাবনপুর গ্রামে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত শেষে তিনি গণমাধ্যমকে এসব কথা বলেন।

তিনি বলেন, জুলাই সনদ সত্যিকার অর্থে যদি সরকার বাস্তবায়ন করতে চায় তাহলে আমরা সর্বাত্মক সহযোগিতা করবো। সংস্কার, বিচার, ফ্যাসিবাদের বিলুপ্তি, বাংলাদেশের স্বাধীন পররাষ্ট্রনীতি ইত্যাদি প্রশ্নে আমরা সরকার বিরোধী দল হিসেবে দেখি না, আমরা দেখি জনগণের পক্ষে রায়, জনগণের পক্ষে এক কাতারে দাঁড়াতে হবে। তবে সেরকম আলামত আমরা সরকারের আচরণে দেখছি না। নাহিদ বলেন, গণভোটে শতকরা ৭০ ভাগ মানুষ হ্যাঁ-এর পক্ষে রায় দিয়েছে, কিন্তু বর্তমান সরকার সেই রায়ের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে, প্রতারণা করেছে। গণভোটের রায় তারা কার্যকর করছে না। জুলাই সনদ তারা মুখে মুখে কার্যকর করবে বলছে, এটা কেবল তাদের মৌখিক প্রতারণা। নাহিদ আরও বলেন, বিএনপি ৩১ দফার সঙ্গেও প্রতারণা করেছে। তারা বলেছে, সংবিধান সংস্কার কমিশন করবে, সেটি তারা করেনি। ফলে আমরা আশা করবো এই জুলাই শহীদ দিবস পালন করলেই হবে না বা আবু সাঈদকে মুখে মুখে স্মরণ করলেই হবে না, গণভোটের যে গণরায় সেই রায়ের আলোকে রাষ্ট্র সংস্কার করতে হবে এবং এই দেশের দুর্নীতি ও বৈষম্য দূর করে আমাদের নতুন বাংলাদেশ গড়তে হবে। জুলাই গণ-অভ্যুত্থানের এই বিপ্লবের সুফলকে সকলের কাছে পৌঁছে দিতে হলে রাষ্ট্র সংস্কারের বিকল্প নেই।

তিনি বলেন, জুলাই অভ্যুত্থানের পর আমাদের দাবি ছিল তিনটি; বিচার, সংস্কার ও নির্বাচন। আমরা দেখেছি নির্বাচন হয়েছে, কিন্তু বিচার, সংস্কার বাংলাদেশের জনগণ পায়নি। আবু সাঈদ হত্যা মামলার রায় আমরা পেয়েছি কিন্তু রায় এখনো কার্যকর হয়নি। সেই মামলার রায় নিয়ে আপিল করা হয়েছে, চিফ প্রসিকিউটরের দায়িত্ব সুপ্রিম কোর্টে সেই আপিল যাতে দ্রুত সময়ের মধ্যে শুনানি হয়, কিন্তু আমরা কোনো আপডেট পাইনি। নাহিদ বলেন, আবু সাঈদ হত্যা মামলার রায়ে শেখ হাসিনার ফাঁসি হয়েছে, আমরা আশা করবো সরকার শেখ হাসিনাকে দেশে এনে দ্রুত সেই রায় বাস্তবায়ন করবে। সেইসঙ্গে অন্য সকল মামলার রায় প্রদান করে তা দ্রুত বাস্তবায়ন করবে। এতে করে জুলাই আন্দোলনে যারা ভিকটিম ও তাদের পরিবারগণ ন্যায়বিচার পাবে। এ সময় উপস্থিত ছিলেনÑ এনসিপি’র সদস্য সচিব আখতার হোসেন, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমসহ অন্যরা।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন