বর্ষার পানি আগমনের সঙ্গে সঙ্গে মানিকগঞ্জের বিস্তীর্ণ এলাকায় শুরু হয়েছে নিষিদ্ধ কারেন্ট জালে মাছ শিকারের মহোৎসব। বিশেষ করে চায়না জালের ছড়াছড়ি সর্বত্রই। এই জাল মাছের বংশ বিস্তারে প্রধান বাধা। মৎস্য অফিসের পক্ষ থেকে নিষিদ্ধ ঘোষিত এই জালে মাছ শিকার বন্ধের কোনো ধরনের অভিযান কিংবা পদক্ষেপ চোখে পড়ছে না। তবে মানিকগঞ্জের ঘিওর উপজেলার হেলাচিয়া এলাকার উদ্যোগে কিছু যুবক ও তরুণেরা অবৈধ এই কারেন্ট জালের বিরুদ্ধে ঝটিকা অভিযান চালিয়েছে। যা এলাকায় বেশ প্রশংসিত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যার দিকে ছাত্রদল নেতা গাজী জিহাদ বিন আসাদের নেতৃত্বে স্থানীয় ছাত্রদল নেতৃবৃন্দ ও কিছু তরুণের উদ্যোগে নিষিদ্ধ চায়না জাল জব্দ করা হয়। জাল উদ্ধারের সময় ছোট ছোট মাছের পোনা থেকে শুরু করে বিভিন্ন ধরনের মাছ উদ্ধার করা হয়।
পরে সেই মাছগুলো নদীতে ছেড়ে দেয়া হয়। অবৈধ কারেন্ট জাল অপসারণে তরুণদের উৎসাহিত করেছেন হেলাচিয়া বাজার কমিটির সভাপতি গাজী রাকিবুল হাসান রাকিব। বিষয়টি তারা মৎস্য অফিসারকে অবগত করেন। ছাত্রদল নেতা গাজী জিহাদ বিন আসাদ জানান, বর্ষা মৌসুমে যাতে আমাদের এলাকায় কেউ অবৈধভাবে কারেন্ট জালে মাছ শিকার করতে না পারে এজন্য আমাদের এই অভিযান শুরু হয়েছে। এলাকার সচেতন মানুষজনের সহায়তায় আমরা জাল এবং মাছের পোনা জব্দ করেছি। ভবিষ্যতে যেন কেউ অবৈধ কারেন্ট জাল দিয়ে মাছ শিকার করতে না পারে তার জন্য আমরা এলাকায় সচেতনতামূলক কর্মসূচি পালন করে যাবো। দেশের মৎস্য সম্পদ রক্ষায় এ ধরনের অভিযান আমাদের অব্যাহত থাকবে।
