অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশ (আটাব)-এর আসন্ন নির্বাচন স্থগিত করেছে দেশের শীর্ষ ব্যবসায়ী সংগঠন এফবিসিসিআই-এর আরবিট্রেশন বোর্ড। ভোটার তালিকায় মৃত ও ভুয়া ব্যক্তি অন্তর্ভুক্তি, লাইসেন্সবিহীন সংস্থাকে ভোটার করা, প্রশাসকের মেয়াদ না থাকার পরও অবৈধভাবে বোর্ড গঠন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের যোগসাজশে নজিরবিহীন জালিয়াতির সত্যতা পাওয়ায় এই স্থগিতাদেশ দেয়া হয়েছে। আটাবের সাধারণ সদস্যদের পক্ষ থেকে দায়েরকৃত অভিযোগ এবং শুনানির পর এফবিসিসিআই আরবিট্রেশন বোর্ড এই সিদ্ধান্ত গ্রহণ করে।
আরবিট্রেশন বোর্ডের শুনানিতে উল্লেখ করা হয় যে, একটি প্রতিষ্ঠিত ও গুরুত্বপূর্ণ খাতের ব্যবসায়ী সংগঠনের নির্বাচনে এ ধরনের জালিয়াতি দেশের বাণিজ্য কাঠামোর ভাবমূর্তি ক্ষুণ্ন করে। যেখানে ভোটার তালিকায় মৃত ব্যক্তি ও ভুয়া লাইসেন্সধারী প্রতিষ্ঠানের নাম থাকে এবং আপিল প্রক্রিয়াতেই জালিয়াতির আশ্রয় নেওয়া হয়, সেখানে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়। একটি স্বচ্ছ ও ত্রুটিমুক্ত ভোটার তালিকা এবং বৈধ পরিচালনা পর্ষদ নিশ্চিত না হওয়া পর্যন্ত নির্বাচন কার্যক্রম স্থগিত রাখা হলো।
