ফিফা বিশ্বকাপে ইংল্যান্ডকে হারানোর পর ফকল্যান্ড দ্বীপপুঞ্জ নিয়ে রাজনৈতিক বার্তাসংবলিত ব্যানার প্রদর্শনের অভিযোগে আর্জেন্টিনার খেলোয়াড়দের বিরুদ্ধে তদন্তের আহ্বানকে সমর্থন দিয়েছে বৃটেন সরকার।
বুধবার যুক্তরাষ্ট্রের আটলান্টায় অনুষ্ঠিত বিশ্বকাপ ম্যাচে ইংল্যান্ডকে ২-১ গোলে হারানোর পর আর্জেন্টিনার কয়েকজন খেলোয়াড়কে দেশটির ফকল্যান্ড দ্বীপপুঞ্জের দাবির সমর্থনে একটি ব্যানার হাতে দেখা যায়। এরপরই বিষয়টি নিয়ে বিতর্ক শুরু হয়।
এনিয়ে বৃটেনের প্রধানমন্ত্রীর কার্যালয় ডাউনিং স্ট্রিট জানিয়েছে, এ বিষয়ে ফিফার তদন্ত হওয়া উচিত বলে ব্যবসা ও বাণিজ্যবিষয়ক মন্ত্রী পিটার কাইল যে আহ্বান জানিয়েছেন, সরকারও সেই অবস্থানকে সমর্থন করে।
ডাউনিং স্ট্রিটের এক মুখপাত্র বলেন, বিশ্বকাপ হয়তো আমাদের নয়, কিন্তু ফকল্যান্ড দ্বীপপুঞ্জ অবশ্যই আমাদের। ফকল্যান্ডের প্রতি আমাদের অঙ্গীকার কখনোই টলবে না।
তিনি আরও বলেন, এ বিষয়ে কোনো ব্যবস্থা নেয়া হবে কিনা, সেটি সম্পূর্ণ ফিফার সিদ্ধান্ত। তবে প্রধানমন্ত্রীও তদন্তের পক্ষে কিনা- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি ব্যবসামন্ত্রীর অবস্থানই পুনর্ব্যক্ত করছি।
পরবর্তীতে তার কাছে জানতে চাওয়া হয়, পিটার কাইল যেভাবে ঘটনাটিকে টুর্নামেন্টের নিয়মের “গুরুতর লঙ্ঘন” বলেছেন, ডাউনিং স্ট্রিটও কি সেই মূল্যায়নের সঙ্গে একমত?
এর জবাবে মুখপাত্র বলেন, কী ব্যবস্থা নেয়া হবে, তা ফিফার বিষয়। এ ব্যাপারে আমি ব্যবসামন্ত্রীর বক্তব্যের দিকেই ইঙ্গিত করব।
এদিকে, বৃটেনের লিবারেল ডেমোক্র্যাট দলের নেতা এড ডেভি দাবি করেছেন, ব্যানার হাতে দেখা যাওয়া আর্জেন্টিনার খেলোয়াড়দের আগামী রোববার স্পেনের বিপক্ষে বিশ্বকাপ ফাইনাল থেকে নিষিদ্ধ করা উচিত।
বিশ্বকাপ টুর্নামেন্টের ধারা ৩৪.৩ অনুযায়ী, ম্যাচের আগে, চলাকালে বা পরে খেলোয়াড়রা কোনো রাজনৈতিক বার্তা বা স্লোগান প্রদর্শন করতে পারবেন না।
এদিকে সর্বশেষ জানা গেছে, ইতিমধ্যে এই ঘটনায় বিশ্ব ফুটবলের নিয়ন্তা সংস্থা ফিফা তদন্ত শুরু করেছে।
