সরকারি চাকরির পরীক্ষা জালিয়াতির বড় ধরনের কেলেঙ্কারিতে থাইল্যান্ডে অন্তত ৬ হাজার সরকারি কর্মকর্তা সাময়িক বরখাস্তের মুখে পড়েছেন। তদন্তের পরিধি বাড়ানোর পাশাপাশি ইতিমধ্যে এই ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে দেশটির কর্তৃপক্ষ।
থাইল্যান্ডে দুর্নীতি ও ঘুষের ঘটনা প্রায়ই আলোচনায় এলেও, এত বিপুল সংখ্যক সরকারি কর্মকর্তার বিরুদ্ধে একসঙ্গে ব্যবস্থা নেয়ার ঘটনা বিরল।
দেশটির তদন্তকারীদের তথ্যমতে, সরকারি চাকরিতে নিয়োগ ও পদোন্নতির জন্য বাধ্যতামূলক পরীক্ষার ফলাফল ইলেকট্রনিকভাবে পরিবর্তন করে প্রার্থীদের পাস করিয়ে দিতে কিছু কর্মকর্তা ৮ লাখ বাহত (প্রায় ২৩ হাজার ৮৪৭ মার্কিন ডলার) পর্যন্ত ঘুষ নিয়েছেন।
বৃহস্পতিবার (১৬ জুলাই) দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা আনসিত সামপুনথারাত সাংবাদিকদের জানান, এসব পরীক্ষায় অংশ নেয়া ৫ হাজার ৮১৪ জন সরকারি কর্মকর্তার ফলাফলে অনিয়ম পাওয়া গেছে।
তিনি বলেন, তদন্ত কমিটির সিদ্ধান্তের ভিত্তিতে শুক্রবার থেকেই তাদের সাময়িক বরখাস্ত করা হতে পারে।
আনসিত বলেন, এই কেলেঙ্কারির ক্ষতি অত্যন্ত ব্যাপক। যারা সৎভাবে পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সরকারি পদ পেয়েছেন, তাদের প্রতি এটি চরম অবিচার।
প্রতিবেদনে বলা হয়েছে, এ ঘটনায় জালিয়াতির পুরো চিত্র উদঘাটনে প্রায় ৮ লাখ পরীক্ষার খাতা পুনরায় পর্যালোচনা করবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
পুলিশ জানিয়েছে, এই জালিয়াতির মূল পরিকল্পনাকারী হিসেবে অভিযুক্ত দুই পুরুষ ও এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে সরকারি নথি ধ্বংস ও গোপন করার অভিযোগ আনা হয়েছে।
অভিযুক্তদের একজন প্রতিবেশী দেশ লাওসে পালিয়ে গেলেও পরে তাকে আটক করা হয়। অভিযোগ প্রমাণিত হলে তাদের অর্থদণ্ডের পাশাপাশি সর্বোচ্চ পাঁচ বছরের কারাদণ্ড হতে পারে।
দেশটির প্রধানমন্ত্রী অনুতিন চানভিরাকুল দুর্নীতিবিরোধী অবস্থানকে অগ্রাধিকার দিয়ে আসছেন। তিনি এই ঘটনাকে “জঘন্য” বলে অভিহিত করেছেন।
বুধবার দেয়া এক বক্তব্যে তিনি বলেন, এ ধরনের দুর্নীতি একটি ভয়ংকর চক্র সৃষ্টি করে। দুর্নীতির মাধ্যমে যারা ক্ষমতা ও দায়িত্বপূর্ণ পদে পৌঁছে যায়, তারা পরে আরও দুর্নীতির সুযোগ তৈরি করে।
দেশটির পুলিশ ও দুর্নীতি দমন সংস্থার যৌথভাবে পরিচালিত ১৭ দিনের তদন্তের পর এই গ্রেপ্তার অভিযান চালানো হয়েছে। তদন্তের সময় কম্পিউটার, পরীক্ষাসংক্রান্ত নথিপত্রসহ গুরুত্বপূর্ণ আলামত জব্দ করা হয়।
থাইল্যান্ডে একজন সরকারি কর্মকর্তার মাসিক বেতন সাধারণত পদমর্যাদা অনুযায়ী ৫৩০ থেকে ২ হাজার ৩০০ মার্কিন ডলারের মধ্যে হয়ে থাকে।
