‘সেনাবাহিনী নিয়ে উসকানি সহ্য করা হবে না’: এজেকে’তে উচ্চ ক্ষমতাসম্পন্ন কমিশন চান বিলাওয়াল

‘সেনাবাহিনী নিয়ে উসকানি সহ্য করা হবে না’: এজেকে’তে উচ্চ ক্ষমতাসম্পন্ন কমিশন চান বিলাওয়াল

ফন্ট সাইজ:

আজাদ জম্মু ও কাশ্মীরে (এজেকে) চলমান সহিংস বিক্ষোভ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো-জারদারি। বুধবার এজেকের মুজাফফরাবাদে দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে দেয়া এক বক্তব্যে তিনি এই পরিস্থিতির পেছনে সুনির্দিষ্ট কারণ অনুসন্ধানে দেশের আইন অনুযায়ী একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন তদন্ত কমিশন গঠনের দাবি জানান। এজেকের পরিস্থিতি কেবল কাশ্মীরিদের জন্যই নয়, বরং প্রতিটি পাকিস্তানির জন্যই উদ্বেগের বিষয় বলে তিনি উল্লেখ করেন। এ খবর দিয়েছে অনলাইন জিও নিউজ। আগামী ২৭ জুলাই এজেকের ৫৩ সদস্যের আইনসভার নির্বাচনকে কেন্দ্র করে অঞ্চলটির বিভিন্ন স্থানে চলমান অবস্থান ধর্মঘট ও সহিংসতা বৃদ্ধির প্রেক্ষাপটে বিলাওয়ালের এই মন্তব্য করেন। গত ৫ জুন জম্মু কাশ্মীর জয়েন্ট আওয়ামী অ্যাকশন কমিটিকে (জেএএসি) সন্ত্রাসবিরোধী আইনের অধীনে নিষিদ্ধ ঘোষণা করে এজেকে সরকার।

দলটির পক্ষ থেকে মূলত ১৯৪৭ সালের পর পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে চলে আসা শরণার্থীদের জন্য সংরক্ষিত ১২টি আসন বাতিলের দাবিতে আন্দোলনের ডাক দেয়া হয়েছিল। এই রাজনৈতিক বিরোধের জেরে গতকালও বেশ কিছু মানুষের প্রাণহানি ঘটেছে, যাকে বিলাওয়াল একটি জাতীয় ট্র্যাজেডি বলে আখ্যা দেন। সহিংস বিক্ষোভ ও আন্দোলনের তীব্র সমালোচনা করে পাকিস্তানের এই প্রাক্তন পররাষ্ট্রমন্ত্রী বলেন, কোনো অবস্থাতেই সহিংসতাকে প্রশ্রয় দেয়া যায় না। অবস্থান ধর্মঘট কিংবা বন্দুকের মুখে সাংবিধানিক সংশোধনী চাপিয়ে দেয়া সম্ভব নয় এবং কাশ্মীরে সন্ত্রাসের রাজনীতি জেঁকে বসতে দেয়া হবে না।

বিলাওয়াল স্পষ্ট ভাষায় জানান, পাকিস্তানের সশস্ত্র বাহিনী তাদের জন্য একটি চূড়ান্ত সীমারেখা। সেনাবাহিনীর বিরুদ্ধে কোনো ধরনের উসকানিমূলক বক্তব্য বা রাষ্ট্রবিরোধী প্রচার সহ্য করা হবে না বলেও জানান তিনি। একই সাথে কাশ্মীরিদের মর্যাদা রক্ষা ও শরণার্থীদের ভোটাধিকার সুরক্ষিত রাখার ব্যাপারেও তিনি প্রতিশ্রুতি দেন। সেই সাথে এ অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে চিফ অব ডিফেন্স স্টাফ (সিডিএফ) ফিল্ড মার্শাল সৈয়দ অসীম মুনিরের ভূমিকার প্রশংসাও করেন তিনি। উদ্ভূত পরিস্থিতি শান্ত করতে বিলাওয়াল সব পক্ষের সম্মতিতে একটি ‘সত্য ও পুনর্মিলন কমিশন’ গঠনের প্রস্তাব দিয়েছেন এবং কমিশন গঠন সাপেক্ষে জেএএসি-কে তাদের লং মার্চ স্থগিত রাখার আহ্বান জানিয়েছেন।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন